পিরোজপুর: পিরোজপুর-বরিশাল মহাসড়কের রানীপুর এলাকায় দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৬ জন আহত হয়েছেন।
শনিবার (৪ এপ্রিল) দুপুর ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে ভান্ডারিয়াগামী ‘পালকি পরিবহন’ এবং চরমোনাইয়ের মাহফিল থেকে আগত ‘মোল্লা ট্রাভেলস’ নামের দুটি বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের পর মোল্লা ট্রাভেলস বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা দেয়।
মোল্লা ট্রাভেলসের যাত্রীরা অভিযোগ করেন, বিপরীত দিক থেকে আসা পালকি পরিবহনের অতিরিক্ত গতির কারণেই দুর্ঘটনাটি ঘটেছে।
পিরোজপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদ হাসান জানান, দুর্ঘটনায় কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। তবে উভয় বাসের কয়েকজন যাত্রী আহত হয়েছেন। আহতদের দ্রুত উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান।