Saturday 04 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যাত্রাবাড়ীতে ট্রাকের ধাক্কায় রিকশা চালকসহ নিহত ২

স্টাফ করেসপন্ডেন্ট
৪ এপ্রিল ২০২৬ ১০:০৮ | আপডেট: ৪ এপ্রিল ২০২৬ ১২:০২

ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ীতে উলটোপথে বেপরোয়া গতির ট্রাক ধাক্কায় ব্যাটারিচালিত রিকশা চালক ও এক যাত্রী নিহত হয়েছেন। নিহত রিকশা চালকের নাম ফিরোজ আহমেদ (৫০) বলে জানা গেছে তবে যাত্রীর পরিচয় সনাক্ত হয়নি। তার বয়স আনুমানিক (৫৫) বছর।

শুক্রবার দিবাগত রাত ১টার দিকে যাত্রাবাড়ী মীরহাজীরবাগ কাঁচাবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় পথচারীরা তাদের দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক রাত ২টার দিকে মৃত ঘোষণা করেন।

তাদেরকে হাসপাতালে নিয়ে আসা পথচারী মো. খাইরুল ইসলাম জানান, রাত ১টার দিকে মীরহাজীরবাগ কাচা বাজারের পাশে একটি দোকানে বসে চা পান করছিলেন তিনি। তখন দেখেন, উলটো পথ দিয়ে একটি ট্রাক বেপরোয়া গতিতে চালিয়ে যাচ্ছে। এর আনুমানিক ৩০ সেকেন্ড পরই সামনে গিয়ে একটি ব্যাটারিচালিত রিকশার উপর দিয়ে উঠিয়ে দেয় ওই ট্রাক। সঙ্গে সঙ্গে তারা দৌড়ে গিয়ে ট্রাকের নিচ থেকে দুজনকে বের করেন। আর আটক করেন ট্রাকটির চালাককে। এরপর ওই দুজনকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে মারা যায়।

বিজ্ঞাপন

তিনি আরও জানান, আটকের পর ট্রাক চালককে উলটো পথে বেপরোয়া গতিতে চালানোর কারণ জানতে চাইলে সে জানান, যাত্রাবাড়ী দয়াগঞ্জ এলাকায় আরেকটি ট্রাকের সঙ্গে তার ট্রাকের ধাক্কা লেগেছিল। সেই ট্রাকটি ধরতে সে উলটো পথে দ্রুত চালিয়ে যাচ্ছিল।
মৃত রিকশা চালক ফিরোজ আহমেদ থাকতেন কদমতলির মুরাদপুর এলাকায়।

যাত্রাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাজু ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রাতে মীরহাজীরবাগে ট্রাক ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে। নিহত অটোরিকশার চালক ও যাত্রীর মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। রিকশা চালকের পরিচয় পাওয়া গেছে। তবে যাত্রীর পরিচয় এখনো পাওয়া যায়নি। তার পরিচয় সনাক্তের চেষ্টা চলছে। ঘটনার পরপরই ট্রাকটি জব্দ ও এর চালককে আটক করা হয়েছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর