কক্সবাজার: কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের ডুমখালী এলাকায় চিংড়ি ঘের নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় মঞ্জুর আলম (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার (৩ এপ্রিল) দিবাগত রাত প্রায় ৩টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত মঞ্জুর আলম ডুমখালী এলাকার জাফর আলমের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে স্থানীয় একটি মৎস্য ঘেরে কাজ করতেন।
পরিবারের সদস্যদের দাবি, চিংড়ি ঘের সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে স্থানীয় রমজান আলীর সঙ্গে কয়েকদিন ধরে মঞ্জুর আলমের বিরোধ চলছিল। এ ঘটনায় জড়িতদের বিচারের দাবি জানিয়েছেন নিহতের পরিবার।
নিহতের ভাই জামাল হোসেন জানান, বুধবার প্রতিপক্ষের লোকজন হাতুড়ি, দা ও কিরিচ নিয়ে মঞ্জুর আলমের ওপর হামলা চালায়। এ ঘটনায় চকরিয়া থানায় একটি অভিযোগও দায়ের করা হয়েছিল।
তিনি আরও জানান, বৃহস্পতিবার (২ এপ্রিল) গভীর রাতে মৎস্য ঘেরে মঞ্জুর আলমকে একা পেয়ে আবারও হামলা চালায় প্রতিপক্ষ।
নিহতের চাচা ইমাম হোসেন বলেন, ঘটনার প্রায় এক ঘণ্টা আগে মঞ্জুর আলম তাকে সতর্ক করে জানিয়েছিলেন যে রমজান আলীর লোকজন আসতে পারে। পরে ঘেরে শব্দ শুনে গিয়ে তিনি মঞ্জুর আলমকে মাটিতে পড়ে থাকতে দেখেন। এরপর পরিবারের সদস্যদের সহায়তায় তাকে উদ্ধার করা হয়।
চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মনির হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিলো। মৃত্যুর সঠিক কারণ তদন্ত শেষে জানা যাবে।