Wednesday 01 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অবৈধভাবে ডিজেল মজুদ: তুরাগ ফিলিং স্টেশনকে ৬০ হাজার টাকা জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট
১ এপ্রিল ২০২৬ ১৯:৫৩ | আপডেট: ১ এপ্রিল ২০২৬ ২০:৪৮

– ছবি : সংগৃহীত

ঢাকা: গাজীপুরের পুবাইলে ‘মেসার্স তুরাগ ফিলিং স্টেশন’ এ বিজিবি ও প্রশাসনের যৌথ অভিযানে অবৈধভাবে মজুদকৃত ৮৫১ লিটার ডিজেল উদ্ধার করা হয়েছে। এ সময় তুরাগ ফিলিং স্টেশনকে ৬০ হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

বুধবার (১ এপ্রিল) বিকেলে বিজিবি সদর দফতরের জনসংযোগ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম বিষয়টি জানিয়েছেন।

এ বিষয়ে গাজীপুর ব্যাটালিয়নের (৬৩ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মো. মাসুদ আল ফেরদৌস বলেন, বিজিবি-এর গাজীপুর ব্যাটালিয়ন গোপন সংবাদের ভিত্তিতে আজ দুপুর ১২টা ১০ মিনিটের দিকে একজন ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে গাজীপুরের পুবাইলে অবস্থিত ‘মেসার্স তুরাগ ফিলিং স্টেশন’ এ বিশেষ অভিযান চালায়। অভিযানে এই ফিলিং স্টেশন থেকে অবৈধভাবে মজুদকৃত ৮৫১ লিটার ডিজেল উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

তিনি বলেন, এ সময় দায়িত্বরত নির্বাহী ম্যাজিস্ট্রেট অবৈধভাবে জ্বালানি তেল মজুত রাখার অপরাধে ওই ফিলিং স্টেশন কর্তৃপক্ষকে ৬০ হাজার টাকা জরিমানা করেন।

তিনি আরও বলেন, বিজিবি দেশের জ্বালানি খাতের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং অবৈধ মজুত ও পাচার প্রতিরোধে সর্বদা তৎপর রয়েছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।