ঢাকা: রাজধানীর ডেমরা মুসলিমনগর এলাকার একটি বাসায় ওয়ালিদ হাসান চৌধুরী (১৭) নামে এক এসএসসি পরীক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার অভিযোগ উঠেছে।
বুধবার (১ এপ্রিল) সকাল ১০টার দিকে ডেমরা মুসলিমনগর বামুইল রোডের একটি বাসায় ঘটনাটি ঘটে। মুমূর্ষু অবস্থায় স্বজনরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক দুপুর পৌনে ১২টার দিকে মৃত ঘোষনা করেন।
হাসপাতালে মৃত ওয়ালিদের বাবা আবুল হাসান চৌধুরী জানান, ডেমরা সানারপার তাদের স্থানীয় বাড়ি। বর্তমানে মুসলিমনগর বামুলিয়া রোডের বাসায় থাকেন। ওয়ালিদ ডেমরা শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজের এবার এসএসসি পরীক্ষার্থী। দুই ভাইয়ের ওয়ালিদ ছিল বড়।
তিনি আরও জানান, ওয়ালিদ একটু জেদি প্রকৃতির ছিল। জিদ করার কারনে গত দুইমাস আগে একটি মোটরসাইকেল কিনে দেই। চলতি মাসের ২১ তারিখে এসএসসি পরীক্ষা। ভালো করে পড়াশুনা করেনা। এসব নিয়ে মাঝেমাঝেই তাকে বকাবকি করি। গত রাতেও বকাঝকা করা হয়। সকালে ওয়ালিদের ঘরের দরজা বন্ধ পাই। অনেকক্ষণ ডাকাডাকি পরও দরজা খুলে না। পরে দরজা ভেঙ্গে দেখা যায় ওয়ালিদ ফ্যানের সঙ্গে গলায় উড়না পেচিয়ে ঝুলে আছে। এরপর ঝুলন্ত অবস্থা থেকে নামিয়ে দ্রুত হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত বলে জানান।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, ওই ছাত্রকে স্বজনরা হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত বলে জানান। স্বজনরা জানান, সে গলায় ফাঁসি দিয়েছিল। ময়নাতদন্তের জন্য মরদেহটি মর্গে রাখা হয়েছে। ঘটনাটি ডেমরা থানা পুলিশ তদন্ত করছে।