কুমিল্লা: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দিতে অজ্ঞাত একটি গাড়ির ধাক্কায় সিএনজি চালিত অটোরিকশার দুই যাত্রী নিহত এবং চালকসহ আরও চারজন আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
বুধবার (১ এপ্রিল) ভোরের দিকে উপজেলার কানড়া মাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। জানা যায়, চাঁদপুর জেলার মতলব বেলতলী এলাকায় অনুষ্ঠিত সোলেমান লেংটার মেলা থেকে বাড়ি ফেরার পথে দুর্ঘটনার শিকার হন তারা।
নিহতরা হলেন দাউদকান্দি উপজেলার গৌরীপুর ইউনিয়নের সরকারপুর গ্রামের মৃত লতু মিয়ার ছেলে বারেক (৪২) এবং মো. নুর ইসলামের ছেলে মোস্তফা (৪০)। তারা দুজনই পেশায় অটোরিকশা চালক ছিলেন।
আহতরা হলেন সিএনজি চালক মো. নবীর হোসেন (৩৮), প্রবাসী মো. কাওসার (৪০), সেলসম্যান ইসমাইল (৩৭) এবং দুর্ঘটনাকবলিত সিএনজি চালক মো. সাগর মিয়া (৩৫)। তাদের দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স (গৌরীপুর) চিকিৎসা দেওয়া হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও আহতদের বরাত দিয়ে জানা যায়, কানড়া মাজারের সামনে সিএনজি থেকে নামার সময় পেছন থেকে কুমিল্লামুখী একটি দ্রুতগামী অজ্ঞাত গাড়ি সজোরে ধাক্কা দেয়। এতে সিএনজিটি উলটে গিয়ে পাশের গাছের সঙ্গে ধাক্কা লাগলে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।
দাউদকান্দি হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ইকবাল বাহার মজুমদার জানান, ঘাতক গাড়িটিকে শনাক্ত করতে সিসিটিভি ফুটেজ সংগ্রহের চেষ্টা চলছে। নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে এবং আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
এদিকে নিরাপদ সড়ক চাই (নিসচা) দাউদকান্দি উপজেলা শাখার সাধারণ সম্পাদক আলমগীর হোসেন বলেন, মহাসড়কে থ্রি-হুইলার চলাচল নিয়ন্ত্রণে হাইওয়ে পুলিশকে আরও কঠোর হতে হবে। একই সঙ্গে সড়ক ব্যবহারে সকলের সচেতনতা বাড়ানোরও তাগিদ দেন তিনি।