পিরোজপুর: ‘চলো করি বৃক্ষরোপণ, গড়ে তুলি সবুজ ভবন’ প্রতিপাদ্যে পিরোজপুরে বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ এর উদ্বোধন করা হয়েছে। সরকারের জাতীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা প্রশাসন ও সড়ক বিভাগ যৌথভাবে এ উদ্যোগ বাস্তবায়ন করছে।
বুধবার (১ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় পিরোজপুরের বেকুটিয়া ব্রিজ টোল প্লাজা সংলগ্ন এলাকায় এ কর্মসূচির উদ্বোধন করা হয়।
কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক আবু সাঈদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব এস এম সাইদুল ইসলাম কিসমত, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক ইকবাল হোসেন, কৃষি বিভাগের অতিরিক্ত উপ-পরিচালক আব্দুল্লাহ আল মামুন, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও সিনিয়র সাংবাদিক মনিরুজ্জামান নাছিম আলী এবং জেলা কৃষক দলের সভাপতি নাসিরউদ্দিন বাচ্চুসহ বিভিন্ন সরকারি দফতরের কর্মকর্তা ও বিএনপির অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
বৃক্ষরোপণ কর্মসূচির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন পিরোজপুর সড়ক ও জনপদ বিভাগের উপ-প্রকৌশলী টি এম রাজিমুল আলীম রাজু।
জেলা প্রশাসক আবু সাঈদ তার বক্তব্যে বলেন, ‘পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। সবাইকে নিজ নিজ অবস্থান থেকে গাছ লাগানোর পাশাপাশি সেগুলোর যত্ন নেওয়ার মানসিকতা গড়ে তুলতে হবে।’
জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন বলেন, ‘সবুজ বাংলাদেশ গড়তে এ ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধু বৃক্ষরোপণ করলেই হবে না, সেগুলোর টেকসই রক্ষণাবেক্ষণ নিশ্চিত করতে হবে। এ ক্ষেত্রে সকলের সম্মিলিত অংশগ্রহণ প্রয়োজন।’
এদিকে, পিরোজপুর সড়ক বিভাগ জানিয়েছে, আগামী ৫ বছরে সড়ক বিভাগের আওতাধীন সড়কের দুই ধারে প্রতি বছর ২ হাজার করে মোট ১০ হাজার বৃক্ষ রোপণের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
কর্মসূচির অংশ হিসেবে সড়কের পাশের ফাঁকা জায়গায় বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। আয়োজকরা জানান, পর্যায়ক্রমে জেলার বিভিন্ন সড়কের পাশে এ কার্যক্রম অব্যাহত থাকবে।