Monday 06 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সোশ্যাল ইসলামী ব্যাংক পুনরুদ্ধারে ৮ বছর সময় চাইলেন উদ্যোক্তারা

স্টাফ করেসপন্ডেন্ট
৩০ মার্চ ২০২৬ ১৬:৫৭ | আপডেট: ৩০ মার্চ ২০২৬ ১৯:০৩

– ছবি : সংগৃহীত

ঢাকা: সোশ্যাল ইসলামী ব্যাংকের আর্থিক অবস্থা পুনরুদ্ধারে অন্তত ৮ বছর সময় প্রয়োজন বলে মনে করছেন ব্যাংকটির উদ্যোক্তা পরিচালক ও সাবেক চেয়ারম্যান মেজর ডা. রেজাউল হক (অব.)-এর পক্ষের আইনজীবী মো. মাহমুদুল হাসান।

সোমবার (৩০ মার্চ) জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, গত ৭–৮ বছরে একটি লাভজনক ব্যাংককে পরিকল্পিতভাবে ধ্বংস করা হয়েছে।

তার দাবি, ব্যাংকটিতে বর্তমানে খেলাপি ঋণের পরিমাণ অনেক বেশি এবং কেন্দ্রীয় ব্যাংক থেকেও বিপুল অঙ্কের ঋণ নেওয়া হয়েছে— যা স্বল্প সময়ে পরিশোধ করা সম্ভব নয়।

তি‌নি ব‌লেন, বাংলাদেশ ব্যাংক সব অনিয়ম সম্পর্কে জানলেও কার্যকর ব্যবস্থা নেয়নি এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে দৃশ্যমান কোনো বিচার হয়নি।

বিজ্ঞাপন

আইনজীবীর অভিযোগ, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা-র সময় গোয়েন্দা সংস্থার কার্যালয়ে নিয়ে জোরপূর্বক সই করিয়ে উদ্যোক্তাদের ব্যাংকের মালিকানা ছাড়তে বাধ্য করা হয়েছিল। জীবননাশের আশঙ্কায় তখন কেউ প্রতিবাদ করতে পারেননি বলেও দাবি করেন তিনি।

তিনি জানান, কয়েকটি বড় শিল্পগোষ্ঠী- বিশেষ করে আইডিবি ব্যাংকটিতে বিনিয়োগে আগ্রহ দেখিয়েছে। যদি পর্যাপ্ত সময় দেওয়া হয়, তাহলে অতিরিক্ত টাকা ছাপানো ছাড়াই ব্যাংকটি ঘুরে দাঁড়াতে পারবে বলে আশা প্রকাশ করেন তিনি।

লিখিত বক্তব্যে মেজর ডা. রেজাউল হক বলেন, গত দেড় বছরে দায়িত্বপ্রাপ্তদের ব্যর্থতায় ব্যাংকের সংকট আরও গভীর হয়েছে। শেয়ার শূন্যে নামিয়ে সাধারণ বিনিয়োগকারীদের ক্ষতিগ্রস্ত করা হয়েছে এবং কিছু গোষ্ঠীর দুর্নীতির দায় তাদের ওপর চাপানো হয়েছে।

ব্যাংকটিকে মার্জার প্রক্রিয়া থেকে অব্যাহতি দিয়ে প্রকৃত উদ্যোক্তাদের হাতে দায়িত্ব ফিরিয়ে দেওয়ার আহ্বান জানান তিনি। পাশাপাশি প্রস্তাবিত ব্যাংক রেগুলেশন অ্যাক্ট ২০২৫ পাস না করারও দাবি জানান।
সংবাদ সম্মেলনে বলা হয়, হাজার হাজার আমানতকারী এখনো টাকা ফেরত পাননি। ব্যাংকের সঙ্গে যুক্ত অনেক ব্যবসায়ী ঋণ না পেয়ে সংকটে পড়েছেন। অনেকে ব্যবসা বন্ধ করতে বাধ্য হচ্ছেন। এ পরিস্থিতি মোকাবিলায় সরকারের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন সংশ্লিষ্টরা।

বিজ্ঞাপন

সংসদে ৭ বিল পাস
৭ এপ্রিল ২০২৬ ০০:২৯

আরো

সম্পর্কিত খবর