Monday 06 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজবাড়ীতে ট্রেনে উপচে পড়া ভিড়, ঝুঁকি নিয়ে ছাদে যাত্রা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৭ মার্চ ২০২৬ ১৪:২৮ | আপডেট: ২৭ মার্চ ২০২৬ ১৮:০৮

রাজবাড়ী রেলওয়ে স্টেশন ঘরমুখো মানুষের ভিড়।

রাজবাড়ী: ঈদুল ফিতরের ছুটি শেষে কর্মস্থলে ফিরছে মানুষ। রাজবাড়ী রেলওয়ে স্টেশন দিয়ে ঢাকাগামী প্রত্যেকটি ট্রেনের ভেতরে ও দরজায় যাত্রীদের উপচেপড়া ভিড় দেখা গেছে। জীবনের ঝুঁকি নিয়ে ঢাকায় ফিরছে তারা। ঢাকা অভিমুখী সকল ট্রেনে উপচেপড়া ভিড় দেখা গেছে এবং অনেক যাত্রী জীবনের ঝুঁকি নিয়ে ট্রেনের ছাদে উঠে গন্তব্যে রওনা হয়েছেন।

শুক্রবার (২৭ মার্চ) সকাল ১১টায় রাজবাড়ী রেলস্টেশনে এমন চিত্র দেখা গেছে।

রাজবাড়ী রেলওয়ে স্টেশনে গিয়ে দেখা যায়, রাজশাহী থেকে ছেড়ে আসা ঢাকাগামী মধুমতী এক্সপ্রেসের যাত্রীরা রাজবাড়ী রেলস্টেশনে অপেক্ষা করছে। প্লাটফর্মে বসার যায়গা না পেয়ে যাত্রীদের দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। স্টেশনের মাইকে আগেই বলা হচ্ছিল ট্রেনটিতে প্রচুর ভিড়। নিজ দায়িত্বে ট্রেনে উঠবেন। কেও উঠতে না পারলে রাজবাড়ী রেলওয়ে স্টেশনের কর্তৃপক্ষ দায়ী থাকবে না। বিক্রিত টিকিট ফেরত নেওয়া হবে না। তবে যাত্রীদের নিরাপত্তার জন্য স্টেশনজুড়ে রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি) ও রেলওয়ে পুলিশের দায়িত্ব পালন করতে দেখা গেছে।

বিজ্ঞাপন

সরেজমিনে গিয়ে দেখা গেছে, ঢাকাগামী মধুমতী এক্সপ্রেস ট্রেনটি রাজবাড়ী রেলওয়ে স্টেশনে সকাল ১০টা ৫০ মিনিটে প্রবেশ করার কথা থাকলেও ট্রেনটি ৫৪ মিনিট বিলম্বে বেলা ১১টা ৪৪মিনিটে রাজবাড়ী রেলওয়ে স্টেশনের ১ নম্বর প্লাটফর্মে প্রবেশ করে। ট্রেনটিতে তখনই ভেতরে যাত্রীদের দাঁড়িয়ে থাকতে এবং দরজাগুলোতে দাঁড়িয়ে থাকতে দেখা যায় যাত্রীদের।

এছাড়া খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী নকশিকাঁথা কমিউটার ট্রেনটিতে অতিরিক্ত যাত্রীর চাপ এবং ছাদেও অনেক যাত্রীদের জীবনের ঝুঁকি নিয়ে যেতে দেখা গেছে। অনেক যাত্রী ট্রেনে উঠতে পারিনি বলেও জানা গেছে। ট্রেনটি প্রায় ১ ঘণ্টা ৩৫ মিনিট বিলম্বে সকাল ৭টা ৫ মিনিটে রাজবাড়ী স্টেশন ছেড়ে যায়।

সরেজমিনে আরও দেখা যায়, ট্রেনটি ১১টা ৫৭ মিনিটে রাজবাড়ী রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে যায়। ট্রেনের ভেতরসহ দরজায়ও উপচে পড়া ভিড়।

১ নম্বর প্লাটফর্মে মধুমতি এক্সপ্রেস ট্রেনের জন্য অপেক্ষা করা একাধিক যাত্রী অভিযোগ করে বলেন, আমাদের রাজবাড়ী রেলের শহর হিসেবে পরিচিত। স্টেশনে বসার কোনো জায়গা নেই, থাকতে হচ্ছে দাঁড়িয়ে। এদিকে ট্রেন সময় মত আসছে না। কতক্ষণ দাঁড়িয়ে থাকা যায় এভাবে। অনেক বৃদ্ধ মানুষকে দেখা যাচ্ছে স্টেশনে দাঁড়িয়ে থাকতে। কর্তৃপক্ষ যেন যাত্রীদের বসার ব্যবস্থা রাখে। স্টেশনে যে ভিড় দেখছি ট্রেনে উঠবো কিভাবে সেটাও ভাবছি।

রাজবাড়ী রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাস্টার আব্দুর রহমান বলেন, ‘ঈদুল ফিতরের ছুটি কাটিয়ে মানুষ কর্মস্থলে ফিরছে। ঈদযাত্রায় যাত্রীর সংখ্যা কয়েক গুণ বেড়ে যাওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়ে। ঢাকাগামী সব ট্রেনে ভিড় দেখা যাচ্ছে। যাত্রীদের নিরাপত্তার জন্য স্টেশনজুড়ে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারি রয়েছে এবং আমাদের স্টেশনে পর্যাপ্ত সিসি ক্যামেরা লাগানো রয়েছে। যাত্রীর চাপে ট্রেনগুলো সময়মতো স্টেশনে আসছে না এবং ছেড়ে যেতে পারছে না।

সারাবাংলা/এনজে
বিজ্ঞাপন

সংসদে ৭ বিল পাস
৭ এপ্রিল ২০২৬ ০০:২৯

আরো

সম্পর্কিত খবর