Friday 10 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঈদের ছুটি শেষে ট্রেনে ঢাকায় ফিরছেন কর্মজীবীরা

স্টাফ করেসপন্ডেন্ট
২৪ মার্চ ২০২৬ ১১:০৬ | আপডেট: ২৪ মার্চ ২০২৬ ১৩:১০

ছবি: সারাবাংলা

ঢাকা: ঈদ আনন্দ প্রিয়জনদের সঙ্গে ভাগাভাগি করে এবার কর্মস্থলে যোগ দিতে ট্রেনে করে রাজধানীতে ফিরছেন কর্মজীবীরা।

মঙ্গলবার (২৪ মার্চ) সকাল থেকেই কমলাপুর ও বিমানবন্দর রেলওয়ে স্টেশনে ছিল ঢাকায় ফেরা মানুষের উপচে পড়া ভিড়। দেশের উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ ও পূর্বাঞ্চল থেকে ছেড়ে আসা ট্রেনগুলো ঢাকায় পৌঁছানোর পর দেখা গেছে যাত্রীদের প্রাণবন্ত উপস্থিতি।

ফিরতি যাত্রায় বাড়তি চাপ থাকলেও বড় কোনো শিডিউল বিপর্যয় না থাকায় যাত্রীদের চোখেমুখে ছিল স্বস্তির ছাপ। পরিবার-পরিজনের সঙ্গে কাটানো সুন্দর মুহূর্তগুলোর স্মৃতি নিয়ে কেউ ফিরছেন একাকী, আবার কেউ ফিরছেন সপরিবারে।

বিজ্ঞাপন

পঞ্চগড় থেকে একতা এক্সপ্রেসে আসা যাত্রী শরিফুল ইসলাম বলেন, ছুটি শেষে ফেরাটা সব সময়ই কিছুটা কষ্টের, তবে ট্রেনের যাত্রা বেশ নিরাপদ ও আরামদায়ক ছিল। এবার সিডিউল বিপর্যয় তেমন না হওয়ায় সময়মতো পৌঁছাতে পেরে ভালো লাগছে।

নীলফামারী থেকে আসা নীলসাগর এক্সপ্রেসের আরিফুর রহমান বলেন, ছুটি শেষে ফিরতে মন চায় না, কিন্তু জীবিকার তাগিদে ফিরতেই হয়। ট্রেনের যাত্রা এবার তুলনামূলক আরামদায়ক ছিল, তবে সিটের তুলনায় দাঁড়িয়ে থাকা যাত্রীর সংখ্যা অনেক বেশি।

এদিকে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং হুড়োহুড়ি এড়াতে স্টেশনে মোতায়েন রয়েছে রেলওয়ে পুলিশ ও আনসার বাহিনী। এ ছাড়া, অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে স্টেশন এলাকায় র‍্যাব, পুলিশের টহল জোরদার করা হয়েছে।

সারাবাংলা/এমএইচ/ইআ