Monday 06 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঈদের তৃতীয় দিনেও ঢাকা ফাঁকা, কাল থেকে খুলছে অফিস-আদালত

সিনিয়র করেসপন্ডেন্ট
২৩ মার্চ ২০২৬ ১৮:৪১ | আপডেট: ২৩ মার্চ ২০২৬ ২২:৪৬

ছবি: সারাবাংলা

ঢাকা: পবিত্র ঈদুল ফিতরের টানা ছুটি শেষে আগামীকাল থেকে খুলছে সব সরকারি-বেসরকারি অফিস, আদালত ও ব্যাংক-বীমা। তবে ছুটির শেষ দিনেও রাজধানী ঢাকা রয়েছে অনেকটাই শান্ত ও কোলাহলমুক্ত। চিরচেনা যানজট আর কোলাহলের ঢাকা এখনো অচেনা, শান্ত ও স্বস্তির।

আজ ঈদের তৃতীয় দিনেও ঢাকার প্রধান প্রধান সড়কগুলো ছিল অনেকটাই ফাঁকা। শাহবাগ, ফার্মগেট, পল্টন বা মিরপুরের মতো ব্যস্ততম এলাকাগুলোতেও চিরাচরিত যানজট চোখে পড়েনি। অল্প সময়ে এক জায়গা থেকে অন্য জায়গায় যাতায়াত করতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন নগরবাসী।

পরিবারের সঙ্গে ঘুরতে বের হওয়া আসলাম আহমেদ বলেন, ‘বছরের এই কয়েকটা দিন ঢাকাকে একদম নিজের মনে হয়। কোনো হর্ন নেই, জ্যাম নেই। পরিবার নিয়ে শান্তিতে একটু ঘুরতে পারছি, এটাই বড় স্বস্তি।’

বিজ্ঞাপন

রিকশাচালকদের কণ্ঠেও ঝরে পড়ল মিশ্র প্রতিক্রিয়া। মিরপুর এলাকার এক রিকশাচালক জানান, রাস্তা ফাঁকা, চালাইয়া শান্তি আছে। তয় মানুষজন কম থাকায় ভাড়া একটু কম পাইতাছি। কাল থেইকা অফিস খুললে আবার আগের মতো খ্যাপ বাড়ব।

রাজধানীর বড় বড় শপিং মল ও বিপণিবিতানগুলো আজকেও বন্ধ রয়েছে। তবে বিভিন্ন পাড়া-মহল্লায় নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকান ও কাঁচাবাজার খোলা রয়েছে।

দোকান খোলা রাখার বিষয়ে মুদি দোকানি জামাল জানান, ‘ঈদের দুই দিন বন্ধ রাখছিলাম। কাস্টমাররা ফোন কইরা জরুরি জিনিসপত্র চায়, তাই আজ থেইকা দোকান খুলছি। বেচাকেনা এখনো কম, তবে আস্তে আস্তে মানুষ ঢাকায় ফিরলে জমব।’

আজই ঈদের ছুটির শেষ দিন। বিকেল গড়াতেই বাস টার্মিনাল, রেল স্টেশন ও লঞ্চঘাটগুলোতে ঢাকামুখী মানুষের ভিড় বাড়তে শুরু করেছে। আগামীকাল সকালে অফিস-আদালত খোলার সঙ্গে সঙ্গেই রাজধানী আবার তার চিরচেনা রূপ-ব্যস্ততা আর যানজটে ফিরে যাবে।

সারাবাংলা/এনএল
বিজ্ঞাপন

সংসদে ৭ বিল পাস
৭ এপ্রিল ২০২৬ ০০:২৯

আরো

সম্পর্কিত খবর