Monday 06 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টি-২০ বিশ্বকাপ ২০২৬
৪৯৯ রান, ৩৪ ছক্কা—ভারত-ইংল্যান্ড ম্যাচে রেকর্ডের ছড়াছড়ি

স্পোর্টস ডেস্ক
৬ মার্চ ২০২৬ ০৯:৪২ | আপডেট: ৬ মার্চ ২০২৬ ১২:৩৬

টি-২০ ম্যাচে দুই দল মিলে যে এত রান হতে পারে, সেটা হয়তো ম্যাচের আগে কেউ কল্পনাও করেননি। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালে ভারত-ইংল্যান্ড ম্যাচে দেখা গেল এমন অবিশ্বাস্য এক দৃশ্যই। ৪৯৯ রান, ৩৪ ছক্কা; ভারত-ইংল্যান্ড ম্যাচে হয়েছে অনন্য কিছু রেকর্ড।

মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে বৃহস্পতিবার দ্বিতীয় সেমিফাইনালে ইংল্যান্ডকে ৭ রানে হারিয়ে টি-২০ বিশ্বকাপের ফাইনালে উঠেছে ভারত।

২০ ওভারে ভারত করে ৭ উইকেটে ২৫৩ রান। টি-২০ বিশ্বকাপের ইতিহাসে চতুর্থ সর্বোচ্চ দলীয় সংগ্রহ এটি। আর নকআউট ম্যাচে এটিই সর্বোচ্চ।

নকআউট ম্যাচে দুইশ ছোঁয়া সংগ্রহ এতদিন ছিল কেবল একটি। ২০১২ বিশ্বকাপের সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৪ উইকেটে ২০৫ রান করেছিল ওয়েস্ট ইন্ডিজ।

বিজ্ঞাপন

প্রথম দল হিসেবে বিশ্বকাপে দুটি আড়াইশ ছোঁয়া সংগ্রহ গড়ল ভারত। এই আসরেই সুপার এইটে জিম্বাবুয়ের বিপক্ষে চেন্নাইয়ে ৪ উইকেটে ২৫৬ রান করেন তারা।

টি-টোয়েন্টিতে ভারতের আড়াইশ ছোঁয়া সংগ্রহ হলো মোট ৬টি। আন্তর্জাতিক টি-২০তে এই নজির তিনটির বেশি নেই আর কোনো দলের। আইপিএলের দল সানরাইজার্স হায়দরাবাদের আছে ৫টি।

ভারতের ২৫৩ রানের জবাবে ইংল্যান্ডের ২৪৬, ম্যাচে মোট রান ৪৯৯। টি-২০ বিশ্বকাপের ম্যাচে দুই দল মিলিয়ে সর্বোচ্চ রান এটিই। একই মাঠে ২০১৬ আসরে ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা ম্যাচের ৪৫৯ ছিল আগের সর্বোচ্চ।

আন্তর্জাতিক টি-২০তে ভারত-ইংল্যান্ড ম্যাচের চেয়ে বেশি রান আছে কেবল একটি ম্যাচে- ২০২৩ সালে সেঞ্চুরিয়নে দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ ম্যাচের ৫১৭ রান।

এই ম্যাচে ছক্কা হয়েছে মোট ৩৪টি- ভারতের ১৯টি, ইংল্যান্ডের ১৫টি। টি-টোয়েন্টি বিশ্বকাপে এক ম্যাচে সবচেয়ে বেশি ছক্কার রেকর্ড এটি। একই মাঠে চলতি আসরে ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়ে ম্যাচের ৩১ ছক্কা ছিল আগের সর্বোচ্চ।

আন্তর্জাতিক টি-২অতে এক ম্যাচে এর চেয়ে বেশি ছক্কার নজির আছে তিনটি।

ভারতের ইনিংসের ১৯ ছক্কা টি-টোয়েন্টি বিশ্বকাপে কোনো দলের যৌথভাবে সর্বোচ্চ। এই আসরে জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচটিতে ওয়েস্ট ইন্ডিজ ও ২০১৪ আসরে আয়ারল্যান্ডের বিপক্ষে নেদারল্যান্ডসের ব্যাটসম্যানরা মেরেছিল ১৯ ছক্কা।

আসরে সব মিলিয়ে ভারতের ছক্কা হলো ৮৮টি। বিশ্বকাপের এক আসরে তো বটেই, যেকোনো আন্তর্জাতিক টি-টোয়েন্টি প্রতিযোগিতায় কোনো দলের সর্বোচ্চ ছক্কার রেকর্ড এটি। ২০২৫ সালে জিব্রাল্টার ও তুরস্কের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজে বুলগেরিয়ার ৭৮ ছিল ছক্কা ছিল আগের রেকর্ড।

বিশ্বকাপের এক আসরে সবচেয়ে বেশি ছক্কার রেকর্ড এতদিন ছিল ওয়েস্ট ইন্ডিজের; চলতি আসরে ৭৬টি।

ভারতের বিপক্ষে সাতটি ছক্কা হজম করেন ইংলিশ পেসার জফ্রা আর্চার। বিশ্বকাপের ম্যাচে কোনো বোলারের যা যৌথভাবে সর্বোচ্চ। ২০০৭ সালে ভারতের বিপক্ষেই স্টুয়ার্ট ব্রড ও ২০১২ আসরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জাভিয়ের ডোহার্টি ছয়টি করে ছক্কা হজম করেছিলেন।

রান তাড়ায় ৪৮ বলে ১০৫ রানের দুর্দান্ত ইনিংস খেলেন জ্যাকব বেথেল। টি-টোয়েন্টি বিশ্বকাপের নকআউটে সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর এটি। প্রথম ব্যাটসম্যান হিসেবে প্রথম শ্রেণি, লিস্ট ‘এ’ ও টি-টোয়েন্টি, এই তিন সংস্করণেই নিজের প্রথম সেঞ্চুরি আন্তর্জাতিক ক্রিকেটে করলেন বেথেল। আগের দিন প্রথম সেমি-ফাইনালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে রান তাড়ায় নিউ জিল্যান্ডের ফিন অ্যালেনের অপরাজিত ১০০ রান ছিল আগের সর্বোচ্চ।

চার ওভারে ৬৪ রান দিয়ে একটি উইকেট পান রহস্য স্পিনার ভারুন চক্রবর্তি। টি-২০ বিশ্বকাপের ম্যাচে ভারতের কোনো বোলারের সবচেয়ে খরুচে বোলিং এটি।

২০০৭ আসরে ডারবানে ইংল্যান্ডের বিপক্ষেই চার ওভারে ৫৭ রান দিয়ে এতদিন অনাকাঙ্ক্ষিত রেকর্ডটি ছিল জোগিন্দার শার্মার।

এই নিয়ে ১৫ বার আইসিসি টুর্নামেন্টের ফাইনালে উঠল ভারত, যা কোনো দলের সর্বোচ্চ। ভারত ছাড়িয়ে গেল অস্ট্রেলিয়াকে (১৪ বার)।

ভারত চারবার ফাইনালে উঠেছে ওয়ানডে ও টি-টোয়েন্টি বিশ্বকাপে, চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাঁচবার, টেস্ট চ্যাম্পিয়নশিপে দুইবার।