ঢাবি: নরসিংদীসহ সারাদেশে হওয়া ধর্ষণ ও সহিংসতার ঘটনাসমূহের দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল মসজিদ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে ভিসি চত্বর ঘুরে রাজু ভাস্কর্যে এসে শেষ হয়।
এ সময় বিক্ষোভকারীরা, ‘তারেক রহমান, ধর্ষণ কর অবসান; আছিয়া থেকে নন্দিনী, ধর্ষকদের ভুলিনি; ধর্ষক আর স্বৈরাচার, মিলেমিশে একাকার; ‘ সহ বিভিন্ন বিপ্লবী স্লোগান দিতে থাকেন ।
বিক্ষোভ শেষে রাজু ভাস্কর্যের পাদদেশে সমবেত হয়ে ডাকসুর বিভিন্ন নেতৃবৃন্দরা বক্তব্য দেন। এ সময় ডাকসু জিএস এস এম ফরহাদ বলেন, ‘অবাক করার বিষয়, বিএনপির একাধিক নেতা মিলিত হয়ে ধর্ষককে বাঁচাচ্ছে। আমার অবাক লাগে মিডিয়াগুলো তারেক রহমান কোন চেয়ার রেখে কোন চেয়ারে বসেছেন, তা ভিডিওসহ নিউজ হয়। তারেক রহমান সচিবালয় থেকে হেঁটে হেঁটে ফিরতেছে, এ ভিডিও দেওয়ার জন্য সাংবাদিকদের সময় হয়। কিন্তু এলাকায় বাবার সামনে থেকে কিশোরীকে উঠে নিয়ে গিয়ে একাধিকবার ধর্ষণ করে হত্যা করা হচ্ছে। আবার সেই ঘটনায় স্থানীয় বিএনপি নেতা লোকজনকে হুমকি দিয়ে এলাকা ছাড়ার ব্যবস্থা করে। এ বিষয়ে মিডিয়া ইনভেস্টিকেটেড কিছু বের করার সময় পায়না। এটা লজ্জা আমাদের জন্য।’
বাংলাদেশ আজ ভালো নেই বলে ভিপি সাদিক কায়েম বলেন, ‘আমরা দেখতে পেয়েছি এ সরকার শপথ নেয়ার পরে বারো থেকে তেরো দিন হয়েছে। এ ১৩ দিনে তারা আমাদের নাগরিকদের জীবনের নিরাপত্তা দিতে পারেনি। মা-বোনদের ইজ্জতের নিরাপত্তা দিতে পারেনি। আমরা দেখেছি নির্বাচন পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে সারাদেশের সহিংসতা ও চারটি লাশ। এত রক্তের বিনিময়ে যদি এখনো ফ্যাসিবাদী বয়ান শুনতে হয়, তাহলে আমরা ছাত্র সমাজ কখনো এটা মেনে নিব না।’