Thursday 26 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টেন্ডারের কাজ নির্দিষ্ট সময়ে শেষ করতে হবে: ডিএনসিসি প্রশাসক

স্টাফ করেসপন্ডেন্ট
২৬ ফেব্রুয়ারি ২০২৬ ১৫:২১

– ছবি : সংগৃহীত

ঢাকা: ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)-এর প্রশাসক মো. শফিকুল ইসলাম খান বলেছেন, সিটি করপোরেশনের চলমান সব টেন্ডারের কাজ নির্দিষ্ট সময়ের মধ্যেই শেষ করতে হবে। বিগত সময়ে টেন্ডার প্রক্রিয়ায় কোনো অনিয়ম হয়েছে কি না, সেটি যাচাই-বাছাই করা হবে এবং সমস্ত অভিযোগের যথাযথ তদন্ত করা হবে।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) রাজধানীর উত্তরার ৬ নম্বর সেক্টর কমিউনিটি সেন্টারে ডিএনসিসি’র অঞ্চল–১, ৬, ৭ ও ৮-এর কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভায় ডিএনসিসি’র নবনিযুক্ত প্রশাসক এসব কথা বলেন।

তিনি বলেন, শুধু মশার ওষুধ দিয়ে মশা নিয়ন্ত্রণ করা যাবে না। কার্যকরভাবে মশা নিয়ন্ত্রণের জন্য সামাজিক সচেতনতা ও মনিটরিং বাড়াতে হবে। প্রশাসক মশককর্মীদের সময়মতো ও আন্তরিকভাবে কাজ করতে হবে।

বিজ্ঞাপন

প্রশাসক বলেন, অবৈধভাবে সিটি করপোরেশনে আর কোনো কাজ হবে না। আমি এখানে কাজ করতে এসেছি। জনগণ যেন দেখে, আমরা শহরের জন্য কাজ করার চেষ্টা করছি।

তিনি কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশ্যে বলেন, নিজ নিজ কাজে মনোযোগী হতে হবে। সবাইকে যথাসময়ে কর্মস্থলে উপস্থিত থাকতে হবে। যে কোনো সময়ে আমাকে কাছে পাবেন। আমরা সবাই মিলে জনগণের প্রত্যাশা পূরণে কাজ করব।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৮ আসনের নির্বাচিত সংসদ সদস্য এসএম জাহাঙ্গীর হোসেন। তিনি বলেন, আমরা এসেছি জনগনের সেবা করার জন্য। আমাদের সাধ্যানুযায়ী এলাকার উন্নয়নে কাজ করব। নতুন ওয়ার্ডগুলোতে বিগত সময়ে দৃশ্যমান কোনো উন্নয়ন হয়নি। উত্তরখানের মানুষকে সেবা নিতে উত্তরা আসাটা সাধারণ মানুষের জন্য অত্যন্ত কষ্টকর।

সভায় আঞ্চলিক নির্বাহী কর্মকর্তারা নাগরিক সেবা প্রদানসংক্রান্ত বিভিন্ন সমস্যা ও চ্যালেঞ্জ তুলে ধরেন। সভায় হকার ব্যবস্থাপনা ও অটোরিকশা নিয়ন্ত্রণের বিষয়েও আলোচনা হয়। সভায় ডিএনসিসির অঞ্চল–১, ৬, ৭ ও ৮-এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা এবং সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এমএইচ/এসআর
বিজ্ঞাপন

একটি রূপকথা বলার দিন আজ
২৬ ফেব্রুয়ারি ২০২৬ ১৬:০০

আরো

সম্পর্কিত খবর