ঢাকা: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে অংশ নেওয়া বিদেশি পর্যবেক্ষকদের সার্বিক কার্যক্রম এবং তাদের মূল্যায়ন নিয়ে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন ও স্থায়ী ডকুমেন্টেশন প্রস্তুত করছে নির্বাচন কমিশন (ইসি)। এই বিশেষ প্রকাশনা তৈরির লক্ষ্যে ৩৩ সদস্যের একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয়েছে।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) ইসির জনসংযোগ পরিচালক মো. রুহুল আমিন মল্লিক সই করা এক অফিস আদেশে এই তথ্য জানানো হয়।
ওই অফিস আদেশে আরও বলা হয়েছে, কমিটিতে নির্বাচন কমিশন সচিবালয়ের পাশাপাশি তথ্য অধিদফতর, চলচ্চিত্র ও প্রকাশনা অধিদফতর এবং গণযোগাযোগ অধিদফতরের কর্মকর্তাদের অন্তর্ভুক্ত করা হয়েছে। ইসির সিনিয়র সহকারী সচিব আসমা দিলারা জান্নাতকে আহ্বায়ক এবং চলচ্চিত্র ও প্রকাশনা অধিদফতরের উপপরিচালক/সম্পাদক মামুন অর রশিদকে সদস্য সচিব করা হয়েছে।
এ ছাড়া তথ্য অধিদতরের উপপ্রধান তথ্য অফিসার মোহাম্মদ ফখরুল ইসলামসহ সংশ্লিষ্ট বিভিন্ন দফতরের কর্মকর্তারা কমিটিতে রয়েছেন।
অফিস আদেশে বলা হয়, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কমিশনের আমন্ত্রণে বিশ্বের বিভিন্ন দেশের ৫৭ জন বিদেশি পর্যবেক্ষক অংশ নেন। তাদের অভ্যর্থনা, আবাসন, ভোটকেন্দ্র পরিদর্শন এবং অন্যান্য কার্যক্রমের ছবি ও তথ্য সংরক্ষণ করে একটি স্থায়ী ডকুমেন্টেশন তৈরি করা হবে। যা পরে ভবিষ্যতে রেফারেন্স হিসেবে ব্যবহারের জন্য প্রতিবেদনটি বই আকারে সংরক্ষণ করা হবে।