Wednesday 25 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলবে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
২৫ ফেব্রুয়ারি ২০২৬ ১১:২৭ | আপডেট: ২৫ ফেব্রুয়ারি ২০২৬ ১১:২৯

সেই ২০০৩ সালে অস্ট্রেলিয়া সফরে গিয়ে টেস্ট খেলেছিল বাংলাদেশ দল। এরপর পেরিয়ে গেছে দীর্ঘ ২৩ বছর। লম্বা এই সময়ে আর অস্ট্রেলিয়ার মাটিতে সাদা পোশাকে মাঠে নামেনি বাংলাদেশ দল। অবশেষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে অস্ট্রেলিয়া যাচ্ছে বাংলাদেশ।

সফরের দুই ভেন্যু ও সম্ভাব্য সময় জানানো হয়েছিল আগেই। এবার দিনক্ষণও চূড়ান্ত হলো। বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের সূচি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করল ক্রিকেট অস্ট্রেলিয়া। ডারউইনের মারারা ওভালে প্রথম টেস্ট শুরু আগামী ১৩ আগস্ট। ম্যাকাইয়ের গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনায় দ্বিতীয় টেস্ট ২২ আগস্ট থেকে। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ এই ম্যাচ দুটি।

বিজ্ঞাপন

২০০৩ সালে সেই সফরেও প্রথম টেস্ট হয়েছিল ডারউইনে, পরেরটি কেয়ার্নসে। এবারের সফরের দুই ভেন্যুর কোনটিই অস্ট্রেলিয়ার মূল ভেন্যূ হিসেবে গণ্য হয় না।

এই সফরটি হওয়ার কথা ছিল ২০২৭ সালের মার্চে। সেক্ষেত্রে হয়তো অস্ট্রেলিয়ার মূল ভেন্যুগুলোতেই খেলার সুযোগ পেত বাংলাদেশ। কিন্তু টেস্ট ক্রিকেটের দেড়শ বছর পূর্তি উপলক্ষে মার্চে ইংল্যান্ডের সঙ্গে বিশেষ একটি টেস্ট খেলবে অস্ট্রেলিয়া। বাংলাদেশের সফর তাই এগিয়ে আনা হয়েছে এই বছরের আগস্টে।

২০০৩ সালের সফরে দুটি টেস্টেই ইনিংস ব্যবধানে হেরেছিল বাংলাদেশ। সব মিলিয়ে দুই দলের ৬ টেস্টে বাংলাদেশের জয় ১টি, অস্ট্রেলিয়ার ৫টি। ২০২০ সালেও বাংলাদেশে টেস্ট খেলার কথা ছিল অস্ট্রেলিয়ার, তবে সেটি ভেস্তে যায় কোভিডের কারণে।

সারাবাংলা/এফএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর