Tuesday 24 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাত মাসে রাজস্ব ঘাটতি ৬০ হাজার ১১৩ কোটি টাকা

স্পেশাল করেসপন্ডেন্ট
২৪ ফেব্রুয়ারি ২০২৬ ১৩:৫৪ | আপডেট: ২৪ ফেব্রুয়ারি ২০২৬ ১৪:৩৪

ঢাকা: গত ২০২৪-২৫ অর্থবছরের তুলনায় রাজস্ব আদায় বাড়লেও চলতি অর্থবছরের লক্ষ্যমাত্রা অর্জিত হচ্ছে না। চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম সাত মাসে (জুলাই-জানুয়ারি) জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)-এর আওতাধীন রাজস্ব ঘাটতির পরিমাণ ৬০ হাজার কোটি টাকা ছাড়িয়েছে। এর আগে গত ডিসেম্বর শেষে ঘাটতির পরিমাণ ছিল প্রায় ৪৬ হাজার কোটি টাকা।

এনবিআর সূত্রে জানা যায়, চলতি অর্থবছরের প্রথম সাত মাসে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ছিল ২ লাখ ৮৩ হাজার ৭৫১ কোটি টাকা। এর বিপরীতে আদায় হয়েছে ২ লাখ ২৩ হাজার ৬৩৮ কোটি টাকা। সে হিসাবে ঘাটতির পরিমাণ দাঁড়িয়েছে ৬০ হাজার ১১৩ কোটি টাকা।

এদিকে ঘাটতি হলেও আলোচ্য সময়ে গত অর্থবছরের তুলনায় রাজস্ব প্রবৃদ্ধি দাঁড়িয়েছে ১২ দশমিক ৯০ শতাংশ।

বিজ্ঞাপন

একক মাস হিসেবে সর্বশেষ গত জানুয়ারিতে ৫২ হাজার ৫৪৫ কোটি টাকা লক্ষ্যমাত্রার বিপরীতে আদায় হয়েছে ৩৭ হাজার ৩৩ কোটি টাকা। অর্থাৎ ঘাটতির পরিমাণ ১৫ হাজার কোটি টাকার অধিক।

এনবিআর সূত্রে প্রাপ্ত তথ্যমতে, চলতি অর্থবছরের প্রথম ৭ মাসে সবচেয়ে বড় ঘাটতি হয়েছে আয়কর খাতে। এ খাতে ঘাটতি ২৮ হাজার ৯২৫ কোটি টাকা। আমদানি পর্যায়ে ঘাটতি হয়েছে ১৫ হাজার ৬৮৩ কোটি টাকা। ভ্যাট খাতে ঘাটতি হয়েছে ১৫ হাজার ৫০৬ কোটি টাকা। সরকারের রাজস্ব আয়ের এমন চিত্র ভোগাবে নির্বাচিত রাজনৈতিক সরকারকেও।

সংশ্লিষ্ট সূত্র জানায়, আলোচ্য সময়ে আয়কর খাতের লক্ষ্যমাত্রা ছিলো ১ লাখ ৩ হাজার ৯৮০ কোটি টাকা। এর বিপরীতে আদায় হয়েছে ৭৫ হাজার ৫৫ কোটি টাকা। আমদানি শুল্কে আলোচ্য সময়ে ৭৮ হাজার ৪৯৬ কোটি টাকা লক্ষ্যমাত্রা থাকলেও এর বিপরীতে আদায় হয়েছে ৬২ হাজার ৮১৪ কোটি টাকা।

তবে সবচেয়ে বেশি আদায় হয়েছে ভ্যাট খাতে।। আলোচ্য সময়ে ৮৫ হাজার ৭৬৯ কোটি টাকা আদায় করেছে এনবিআর। আর লক্ষ্যমাত্রা ছিল ১ লাখ ১ হাজার ২৭৫ কোটি টাকা।

প্রসঙ্গত: চলতি অর্থবছরের শুরুতে এনবিআরের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ছিল ৪ লাখ ৯৯ হাজার কোটি টাকা। পরবর্তীতে গত ১০ নভেম্বর বাজেট মনিটরিং ও সম্পদ কমিটি এ লক্ষ্যমাত্রা বাড়িয়ে ৫ লাখ ৫৪ হাজার কোটি টাকা নির্ধারণ করেছে সাবেক অন্তর্বর্তীকালীন সরকার।

সারাবাংলা/এসআর
বিজ্ঞাপন

নোয়াখালীতে ইয়াবা পাচারের সময় আটক ২
২৪ ফেব্রুয়ারি ২০২৬ ১৫:২৮

আরো

সম্পর্কিত খবর