ঢাকা: ব্যক্তিগত ফেসবুক ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ডিঅ্যাকটিভ করেছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশবাসী ও গণমাধ্যমকে অবহিত করা যাচ্ছে যে, মুখ্য সচিব তার ব্যক্তিগত সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট ব্যবহার না করার সিদ্ধান্ত নিয়েছেন এবং সংশ্লিষ্ট অ্যাকাউন্টগুলো ইতোমধ্যে ডিঅ্যাকটিভ করা হয়েছে।
এতে আরও উল্লেখ করা হয়, তার নাম ও পদবি ব্যবহার করে যদি কেউ কোনো সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট খুলে বিভ্রান্তিকর বা আপত্তিকর তথ্য প্রচার করে, তবে তার দায় তিনি নেবেন না। এমন ভুয়া অ্যাকাউন্টের মাধ্যমে বিভ্রান্তি বা গুজব ছড়ানোর চেষ্টা করা হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও সতর্ক করা হয়েছে।
গণমাধ্যম ও জনসাধারণকে কেবলমাত্র অফিসিয়াল সূত্র থেকে তথ্য গ্রহণের অনুরোধ জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।