ঢাকা: অন্তর্বর্তী সরকারের সংস্কার কার্যক্রম বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)-এর রাষ্ট্রদূত মাইকেল মিলার।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) পররাষ্ট্র্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে বৈঠকের পর তিনি একথা বলেন।
পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে ঢাকার ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতরা বৈঠক করেন।
বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার বলেন, মন্ত্রী-প্রতিমন্ত্রীর সঙ্গে অন্তর্বর্তী সরকারের সংস্কার কার্যক্রম বাস্তবায়নের বিষয়ে আলোচনা হয়েছে। আমরা আশা করি নতুন সরকার এটা বাস্তবায়নে উদ্যোগ নেবে।
মাইকেল মিলার বলেন, বাংলাদেশ ইউরোপীয় ইউনিয়নের গুরুত্বপূর্ণ অংশীদার। নতুন সরকারের সঙ্গে ইইউ’র উন্নয়ন, বাণিজ্য, বিনিয়োগ, অভিভাসন, মানবিক বিষয়াবলী, নিরাপত্তাসহ বিভিন্ন ইস্যুতে কীভাবে কার্যক্রম এগিয়ে নেয়া যায়, সে বিষয়ে আলোচনা হয়েছে।
উল্লেখ্য, সোমবার এর আগে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে বৈঠক করেন।