ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বলেছেন, বর্তমান সরকারের প্রতি সৌদি আরব, চীন, ভারত, পাকিস্তান ও যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের বিপুল আস্থা রয়েছে।
তিনি আরও বলেন, আমাদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার যে একটা প্রবল ইচ্ছা তাদের রয়েছে- সেটা আমরা দেখেছি। আশা করি, আমাদের অঞ্চলের এবং বিশ্বের অন্যান্য স্থানে আমাদের যে সমস্ত বন্ধু রাষ্ট্র আছেন, তাদের সবার সঙ্গে আমরা অত্যন্ত গভীর সম্পর্ক চালিয়ে যেতে পারবো।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপ করেন পররাষ্ট্রমন্ত্রী একথা বলেন।
উল্লেখ্য, রোববার ও সোমবার পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সৌদি আরব, চীন, ভারত, পাকিস্তান, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূতরা।
বৈঠক শেষে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান সাংবাদিকদের বলেন, গতকাল থেকে এই পর্যন্ত বেশ কয়েকজন বিদেশি রাষ্ট্রদূতের সঙ্গে আমার বৈঠক হয়েছে। তাদের কাছে আমাদের বৈদেশিক নীতির আউট লাইন বলেছি। আমরা বলেছি, আমাদের উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশ ফার্স্ট। সবার ওপরে বাংলাদেশ। আমরা স্বাধীনতা, সার্বভৌমত্ব, পরস্পরের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ না করা, জাতীয় মর্যাদা এসব নীতির ওপর আমাদের কার্যক্রম প্রতিষ্ঠিত থাকবে। প্রতিটি দেশের সাথেই পারস্পরিক লাভবানের সম্পর্ক গড়ে তুলতে চাই।
তিনি বলেন, আমি এই পর্যন্ত যাদের সাথে বৈঠক করেছি যেমন -সৌদি আরব, চীন, ভারত, পাকিস্তান, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের কয়েকজন রাষ্ট্রদূত। তারা সকলেই আমাদের প্রতি গভীর আস্থা রেখেছেন। তারা সকলেই আমাদের সাথে কাজ করতে আগ্রহী, সেটা আমরা দেখেছি। আমরাও বলেছি, তাদের সঙ্গে আমরা গভীর সম্পর্ক গড়তে আগ্রহী।