Monday 23 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিভিন্ন সিটিতে প্রশাসক পদে নিয়োগ পেলেন বিএনপির ৬ নেতা

স্পেশাল করেসপন্ডেন্ট
২৩ ফেব্রুয়ারি ২০২৬ ১১:৩৮ | আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০২৬ ১৫:২৪

নতুন প্রশাসক আব্দুস সালাম, শফিকুল ইসলাম খান, নজরুল ইসলাম মঞ্জু, আব্দুল কাইয়ুম চৌধুরী, সাখাওয়াত হোসেন খান ও শওকত হোসেন সরকার।

ঢাকা: বিএনপি সরকার গঠনের এক সপ্তাহের মধ্যে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটিসহ দেশের ছয়টি সিটি করপোরেশনে আগের প্রশাসকদের সরিয়ে নতুন প্রশাসক নিয়োগ দিয়েছে। সিটি করপোরেশনেগুলো হলো ঢাকা উত্তর, ঢাকা দক্ষিণ, নারায়ণগঞ্জ, গাজীপুর, সিলেট ও খুলনা সিটি করপোরেশন। নিযোগ পাওয়া ছয় জন প্রশাসকের সবাই বিএনপির বিভিন্ন পর‌্যায়ের নেতা।

সোমবার ( ২৩ ফেব্রুয়ারি) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ (সিটি করপোরেশন-১ শাখা) থেকে নতুন প্রশাসকদের নিয়োগের প্রজ্ঞাপন জারি করা হয়।

নতুন নিয়োগ ছয় প্রশাসকের পরিচয়

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক হয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক সভাপতি ও বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা আব্দুস সালাম। তিনি এক সময় অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের ডেপুটি মেয়র ছিলেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ আসনে দলীয় প্রার্থী বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়কের দায়িত্ব পালন করেন তিনি। এদিকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) নতুন প্রশাসক হয়েছেন শফিকুল ইসলাম খান। তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা–১৫ আসনে বিএনপির প্রার্থী ছিলেন। শফিকুল ইসলাম খান যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ–সভাপতি। এর আগে, তিনি ঢাকা মহাগর উত্তর যুবদলের সদস্যসচিব ছিলেন। আর শওকত হোসেন সরকার গাজীপুর সিটি করপোরেশনের নতুন প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন। তিনি গাজীপুর মহানগর বিএনপির সভাপতি।

বিজ্ঞাপন

অন্যদিকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নতুন প্রশাসক পদে নিয়োগ পেয়েছেন সাখাওয়াত হোসেন খান। তিনি নারায়ণগঞ্জ মহানগর বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি। সিলেট সিটি করপোরেশনের প্রশাসক হলেন আব্দুল কাইয়ুম চৌধুরী। তিনি সিলেট জেলা বিএনপির সভাপতি। আর নজরুল ইসলাম মঞ্জু খুলনা সিটি করপোরেশনের নতুন প্রশাসক। তিনি বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন: এর আগে অন্তর্বর্তী সরকারের আমলে ২০২৫ সালের ১৩ ফেব্রুয়ারি শাহজাহান মিয়াকে ডিএসসিসির প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়। তিনি স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিবের দায়িত্ব পালনের পাশাপাশি প্রশাসকেরও দায়িত্ব পেয়েছিলেন। গত বছরের অক্টোবরের শেষের দিকে ডিএসসিসির প্রশাসকের পদ থেকে সরিয়ে দেওয়া হয় শাহজাহান মিয়াকে। গত নভেম্বরে এ পদে নিয়োগ পান মো. মাহমুদুল হাসান। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের পরিকল্পনা, পরিবীক্ষণ, মূল্যায়ন ও পরিদর্শন অনুবিভাগের মহাপরিচালক মাহমুদুল হাসান। এখন তার পরিবর্তে আবদুম সালাম নতুন প্রশাসক হলেন।

ঢাকা উত্তর সিটি করপোরেশন: অন্তর্বর্তী সরকারের আমলে ২০২৫ সালের ১২ ফেব্রুয়ারি ডিএনসিসির প্রশাসক হিসেবে মোহাম্মদ এজাজকে এক বছরের জন্য নিয়োগ দেওয়া হয়েছিল। মেয়াদ পূর্তির পর এ মাসের শুরুর দিকে সুরাইয়া আখতার জাহানকে এই পদে নিয়োগ দেওয়া হয়। তিনি স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব। নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে ডিএনসিসির প্রশাসক হিসেবে তাকে দায়িত্ব দেওয়া হয়। এখন এ পদে তার স্থলাভিষিক্ত হলেন শফিকুল ইসলাম খান।

গাজীপুর সিটি করপোরেশন: আওয়ামী লীগ আমলে গাজীপুর সিটি করপোরেশনের মেয়র ছিলেন জাহাঙ্গীর আলম। অন্তর্বর্তী সরকারের আমলে গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক ছিলেন শরফ উদ্দিন আহমদ চৌধুরী। এখন তার স্থলাভিষিক্ত হলেন শওকত হোসেন সরকার।

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন: নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক পদে অন্তর্বর্তী সরকার দায়িত্ব দিয়েছিল আবু নছর মোহাম্মদ আব্দুল্লাহকে। তার স্থালাভিষিক্ত হলেন সাখাওয়াত হোসেন খান। আলোচিত সাত খুনের মামলার বাদীপক্ষের আইনজীবী হিসেবে পরিচিত পাওয়া সাখাওয়াত হোসেন খান নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি ছিলেন। ২০১৬ সালে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি দলীয় প্রার্থী ছিলেন তিনি।

সিলেট সিটি করপোরেশন: অন্তর্বর্তী সরকারের আমলে নিয়োগ পাওয়া সিলেট সিটি করপোরেশনের প্রশাসক খান মো. রেজা-উন-নবীর স্থলাভিষিক্ত হলেন আবদুল কাইয়ুম চৌধুরী। আবদুল কাইয়ুম চৌধুরী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৩ (দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ) আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী ছিলেন। তবে মনোনয়ন পাননি।

খুলনা সিটি করপোরেশন: অন্তর্বর্তী সরকারের আমলে নিয়োগ পাওয়া খুলনা সিটি করপোরেশনের প্রশাসক মোখতার আহমেদের স্থলাভিষিক্ত হলেন নজরুল ইসলাম মঞ্জু। ২০২১ সালের আগে দীর্ঘ ২৮ বছর খুলনা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও সভাপতির দায়িত্ব পালন করেন নজরুল ইসলাম মঞ্জু। এরমধ্যে ১৬ বছর সাধারণ সম্পাদক এবং ১২ বছর ছিলেন সভাপতি।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর