Sunday 22 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাণিজ্য মন্ত্রণালয়ে স্মারকলিপি
বাজার অভিযানে বাধাদানকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি ক্যাবের

স্পেশাল করেসপন্ডেন্ট
২২ ফেব্রুয়ারি ২০২৬ ১৬:৩৮ | আপডেট: ২২ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:৪৮

– ছবি : সংগৃহীত

ঢাকা: জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতর-এর বাজার তদারকিমূলক অভিযানে বাধা ও মার্কেট বন্ধের হুমকির ঘটনায় দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার দাবিতে বাণিজ্য মন্ত্রণালয়ে স্মারকলিপি দিয়েছে ‘কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ’ (ক্যাব)।

রোববার (২২ ফেব্রুয়ারি) ক্যাব সভাপতি এএইচএম সফিকুজ্জামান-এর সই করা স্মারকলিপি বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বরাবর দেওয়া হয়।

স্মারকলিপিতে বলা হয়, গত ১৮ ফেব্রুয়ারি জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঢাকা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল জব্বার মন্ডল ঢাকার চকবাজার থানার মৌলভীবাজার এলাকায় একটি তদারকিমূলক অভিযান পরিচালনা করেন।

বিজ্ঞাপন

ওই অভিযানে দেখা যায় যে, মেসার্স দেওয়ান ট্রেডার্স মাত্র ১০ দিনের ব্যবধানে ছোলার দাম কেজি প্রতি ৫ (পাঁচ) টাকা বৃদ্ধি করে বিক্রি করছে। মূল্যবৃদ্ধির যৌক্তিকতা আনতে চাইলে সংশ্লিষ্ট ব্যবসায়ীরা পণ্য ক্রয়ের মূল্য বেশি হওয়ার দাবি করলেও তার পক্ষে কোনো বৈধ ক্রয় সংক্রান্ত ক্যাশ মেমো প্রদর্শনে ব্যর্থ হন। বরং তারা স্বীকার করেন যে, পণ্য বাকিতে ক্রয় করে বিক্রির পর মূল্য পরিশোধের সময় ক্যাশ মেমো দেওয়া হয়, যা ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর পরিপন্থি এবং বাজারে অস্বচ্ছতার সুস্পষ্ট প্রমাণ।

এই অনিয়মের পরিপ্রেক্ষিতে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৫ ধারার আওতায় মেসার্স দেওয়ান ট্রেডার্স-এর বিরুদ্ধে ৫ হাজার টাকা জরিমানা আরোপ করা হলে মৌলভীবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মোহাম্মদ আলী ভুট্টো প্রকাশ্যে জরিমানা পরিশোধ করা হবে না মর্মে ঘোষণা দেন।

এ সময় তিনি অন্যান্য ব্যবসায়ীদের জড় করে হইচই সৃষ্টি করেন, দোকানপাট বন্ধ করে দেওয়ার হুমকি দেন। বিভিন্নভাবে সরকারি কাজে বাধা প্রদান করেন। পরিস্থিতি শান্ত রাখতে আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করে তিনি পরিস্থিতি আরও উত্তপ্ত করার চেষ্টা করেন, যা আইনশৃঙ্খলা পরিস্থিতি ও ভোক্তা অধিকার সংরক্ষণের জন্য গুরুতর উদ্বেগজনক।

ক্যাব মনে করে, এ ধরনের কর্মকাণ্ড ভোক্তা অধিকার সংরক্ষণ, বাজার ব্যবস্থাপনা ও আইনের শাসনের পরিপন্থি। সরকারি দায়িত্ব পালনে বাধা প্রদান একটি শাস্তিযোগ্য অপরাধ এবং এ বিষয়ে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ না করা হলে ভবিষ্যতে এ ধরনের অনিয়ম ও বিশৃঙ্খলা আরও বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর