Sunday 22 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জাহাজবাড়ি হত্যাকাণ্ড মামলায় শেখ হাসিনাসহ ৬ জনকে আত্মসমর্পণের নির্দেশ

স্টাফ করেসপন্ডেন্ট
২২ ফেব্রুয়ারি ২০২৬ ১৩:২৯

ঢাকা: মিরপুরের কল্যাণপুরে ‘জাহাজবাড়ি’তে সাজানো জঙ্গি নাটকের মাধ্যমে ৯ তরুণ হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ পলাতক ছয় আসামিকে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। এ বিষয়ে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশেরও আদেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে মামলার পরবর্তী শুনানির জন্য আগামী ৮ মার্চ দিন নির্ধারণ করা হয়েছে।

রোববার (২২ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১–এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন দুই সদস্যের বেঞ্চ এ আদেশ দেন। বেঞ্চের অপর সদস্য বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

বিজ্ঞাপন

এদিন ট্রাইব্যুনালে প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর গাজী এমএইচ তামিম। তার সঙ্গে ছিলেন প্রসিকিউটর সাইমুম রেজা তালুকদার ও আবদুস সাত্তার পালোয়ান।

মামলায় মোট ৮ জন আসামি রয়েছে। তাদের সবাইকে এদিন ট্রাইব্যুনালে হাজির হওয়ার নির্দেশ ছিল। তবে দুজন গ্রেফতার থাকায় বাকি ছয়জনের আত্মসমর্পণের জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেন আদালত।

গ্রেফতার হওয়া দুজন হলেন- সাবেক আইজিপি একেএম শহিদুল হক ও ডিএমপির সাবেক কমিশনার মো. আসাদুজ্জামান মিয়া। পলাতক আসামিরা হলেন- সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, ডিএমপির তৎকালীন অতিরিক্ত কমিশনার শেখ মুহম্মদ মারুফ হাসান, তৎকালীন সিটিটিসি প্রধান মনিরুল ইসলাম, ডিএমপির তৎকালীন যুগ্ম কমিশনার (ক্রাইম) কৃষ্ণ পদ রায় এবং তৎকালীন যুগ্ম কমিশনার (ডিবি) আব্দুল বাতেন।

এর আগে, গত ২৯ জানুয়ারি আট আসামির বিরুদ্ধে প্রসিকিউশনের দাখিল করা আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেন ট্রাইব্যুনাল। একই সঙ্গে তাঁদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাও জারি করা হয়।

উল্লেখ্য, ২০১৬ সালের ২৫ জুলাই রাতে রাজধানীর কল্যাণপুরের ‘জাহাজবাড়ি’ নামে পরিচিত একটি বাড়িতে কথিত জঙ্গি আস্তানায় অভিযান চালায় পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট। ‘অপারেশন স্টর্ম-২৬’ নামে ওই অভিযানে ৯ তরুণ গুলিতে নিহত হন।

বিজ্ঞাপন

পদত্যাগ করলেন ঢাবি উপাচার্য
২২ ফেব্রুয়ারি ২০২৬ ১৪:২৬

আরো

সম্পর্কিত খবর