Friday 10 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আগামী বাজেটে নির্বাচনি প্রতিশ্রুতির প্রতিফলন নিশ্চিত করার নির্দেশ অর্থমন্ত্রীর

স্পেশাল করেসপন্ডেন্ট
২২ ফেব্রুয়ারি ২০২৬ ১৩:১৯ | আপডেট: ২২ ফেব্রুয়ারি ২০২৬ ১৫:৪০

-ছবি : প্রতীকী ও সংগৃহীত

ঢাকা: আগামী জুনে প্রথম বাজেট দেবে তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার। সে হিসেবে নতুন সরকারের জন্য বাজেটের আগে সময় আছে তিন থেকে সাড়ে তিন মাস। এমতাবস্থায় আগামী জাতীয় বাজেটে নতুন সরকারের নির্বাচনি প্রতিশ্রুতিগুলোর প্রতিফলন নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রতি নির্দেশ দিয়েছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।

তিনি এমনভাবে বাজেট প্রস্তুতি নিয়ে এগিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন, যাতে সরকারের নির্বাচনি প্রতিশ্রুতিগুলোর অগ্রগতির বিষয়টি স্পষ্টভাবে ফুটে ওঠে।

অতি সম্প্রতি সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ের আওতাধীন দফতরের কর্মকর্তাদের সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকে অর্থমন্ত্রী এমন নির্দেশনা দেন বলে মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।

বিজ্ঞাপন

সূত্র মতে, বৈঠকে অর্থমন্ত্রী জোর দিয়ে বলেছেন যে, আগামী জুনে পেশ হতে যাওয়া ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে যেন বিএনপির নির্বাচনি ইশতেহারের সুস্পষ্ট প্রতিফলন থাকে। একই সঙ্গে প্রথম বছরেই কর-জিডিপি অনুপাত ৮ শতাংশে উন্নীত করার লক্ষ্যমাত্রাও নির্ধারণ করে দিয়েছেন তিনি।

প্রসঙ্গত: বিএনপি অর্থনৈতিক খাতে যেসব প্রতিশ্রুতি দিয়েছে, এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে- প্রবৃদ্ধি ও বিনিয়োগ বাড়ানো, তরুণদের জন্য কর্মসংস্থান সৃষ্টি, ব্যবসা-বাণিজ্যে নীতিগত স্থিতিশীলতা ও রাজস্ব ব্যবস্থার সংস্কার।

অন্যান্যের মধ্যে স্বাস্থ্য ও শিক্ষা খাতে ব্যয় বাড়িয়ে জিডিপি’র ৫ শতাংশের বেশি বরাদ্দ দেওয়া; দেশব্যাপী ফ্যামিলি কার্ড চালু; ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ করার প্রতিশ্রুতি দিয়েছে বিএনপি।

এছাড়া দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, নিম্ন ও মধ্যবিত্তের জন্য সহায়তা কর্মসূচি ছাড়াও জ্বালানি ও খাদ্য সরবরাহ স্থিতিশীল রাখার প্রতিশ্রুতিও রয়েছে।

সূত্রমতে, তবে এসব প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে গেলে বড় অঙ্কের অর্থের প্রয়োজন হবে। সেদিক থেকে
প্রথম বা একটি অর্থবছরেই সরকারের সব প্রতিশ্রুতি বাস্তবায়ন করা সম্ভব না-ও হতে পারে। তবে অর্থমন্ত্রী চান, বাজেটের মাধ্যমে সরকারের নীতিগত দিকনির্দেশনা ও প্রতিশ্রুতি বাস্তবায়নের সদিচ্ছার সুস্পষ্ট বার্তা দেওয়া হোক।

সারাবাংলা/এসআর
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর