Sunday 22 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নারী এশিয়ান কাপ ফুটবল
অস্ট্রেলিয়ার কন্ডিশনে বাংলাদেশের মানিয়ে নেওয়ার লড়াই

স্পোর্টস ডেস্ক
২২ ফেব্রুয়ারি ২০২৬ ১১:৪৫

ইতিহাস গড়ে প্রথমবারের মতো এশিয়ান কাপে খেলতে গেছে বাংলাদেশ নারী ফুটবল দল। টুর্নামেন্টে শুরুর আগে প্রস্তুতি নিতে অস্ট্রেলিয়াতে পা রেখেছেন আফঈদা-ঋতুপর্ণারা। অস্ট্রেলিয়াতে অনুশীলনও শুরু করেছে বাংলাদেশ। দলের গোলকিপিং কোচ মাসুদ আহমেদ উজ্জ্বল জানিয়েছেন, কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়াই দলের জন্য বড় চ্যালেঞ্জ।

চীন ও উত্তর কোরিয়ার বিপক্ষের ম্যাচ দুটি বাংলাদেশ খেলবে সিডনিতে। উজবেকিস্তান ম্যাচ হবে পার্থে। শুরুর দুই ম্যাচকে সামনে রেখে সিডনিতেই তাঁবু ফেলেছে দল। ভ্যালেন্টাইন স্পোর্টস পার্কে শনিবার প্রথম অনুশীলন সেশন করেছেন তারা।

বৃহস্পতিবার রাতে ঢাকা থেকে রওনা দিয়ে শুক্রবার সিডনি পৌঁছায় বাংলাদেশ। লম্বা ভ্রমণের কারণে কিছুটা ক্লান্তি নিয়েই প্রস্তুতি শুরু করেছে দল। গোলকিপার কোচ উজ্জ্বল জানিয়েছেন, অস্ট্রেলিয়ার কন্ডিশনের সাথে মানিয়ে নেওয়ার চেষ্টা করছে মেয়েরা, ‘আমরা গতকাল রাত ১২টায় এয়ারপোর্ট থেকে টিম হোটেলে এসে উঠেছি এবং এসে ডিনার করে আজকে সকালে ৮টা থেকে ১০টা পর্যন্ত আমাদের ট্রেনিং সেশনটা কমপ্লিট করলাম। তো ভ্রমণজনিত যে ক্লান্তি সেটা তো আছেই খেলোয়াড়দের মধ্যে, কিন্তু আল্লাহর রহমতে তেমন কোনো ইনজুরির আশঙ্কা আমাদের মধ্যে নেই। খেলোয়াড়দের সবাই মোটামুটি ফিট আছে।’

বিজ্ঞাপন

মাসুদ আরও জানান, ‘আমরা চেষ্টা করছি এখন আবহাওয়ার সাথে মানিয়ে নেওয়ার জন্য। কোচ যেভাবে নির্দেশনা দিচ্ছে, খেলোয়াড়েরাও সেভাবে চেষ্টা করতেছে। আজকের ট্রেনিং সেশনটা মোটামুটি ভালো হয়েছে। ভ্যালেন্টাইন স্পোর্টস পার্কের ফ্যাসিলিটি আসলে একটা প্রপার ফুটবল টিমের জন্য যত রকমের সুযোগ-সুবিধা দরকার, সবই এখানে আছে। তাই আমাদের এটা নিয়ে আসলে কোনো সমস্যায় পড়তে হচ্ছে না।’

আগামী ১ মার্চ অস্ট্রেলিয়ায় শুরু হবে এশিয়ার নারী ফুটবলের সর্বোচ্চ আসর। ৩ মার্চ চীনের বিপক্ষে ম্যাচ দিয়ে গ্রুপ পর্ব শুরু করবে বাংলাদেশ। ‘বি’ গ্রুপে পিটার জেমস বাটলারের দলের বাকি দুই প্রতিপক্ষ উত্তর কোরিয়া ও উজবেকিস্তান।

সারাবাংলা/এফএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর