Saturday 21 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রুমিন ফারহানার সমর্থকদের ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২১ ফেব্রুয়ারি ২০২৬ ১০:১১ | আপডেট: ২১ ফেব্রুয়ারি ২০২৬ ১০:১২

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ ও বিজয়নগরের আংশিক) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা শহিদ মিনারে ফুল দিতে গিয়ে সৃষ্ট হট্টগোলের জেরে তার সমর্থকেরা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেন।

শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে সরাইল উপজেলার শাহবাজপুর এলাকায় এ হট্টগোলের ঘটনা ঘটে। এরপর রাত দেড়টা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে রাখা হয়।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ২১ ফেব্রুয়ারি শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে রাত ১১টা ৫০ মিনিটে সরাইল উপজেলা সদরের কেন্দ্রীয় শহিদ মিনারে উপস্থিত হন রুমিন ফারহানা। তার সঙ্গে কয়েকশ সমর্থক ছিলেন। রাত ১২টা ১ মিনিটে ফুল দেওয়ার জন্য অপেক্ষারত অবস্থায় বিএনপির কিছু নেতা-কর্মীকে ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিতে দেখা যায়।

বিজ্ঞাপন

একই সময়ে শহিদ মিনারে ফুল দিতে আসেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সদস্য আনোয়ার হোসেন মাস্টার। রাত ১২টা ১ মিনিটে উভয় পক্ষ একসঙ্গে ফুল দিতে গেলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। শহিদ মিনার প্রাঙ্গণে হট্টগোলের সৃষ্টি হয়। অভিযোগ রয়েছে, এ সময় কয়েকজন জুতা পায়ে শহিদ মিনারে উঠে পড়েন এবং সেখানে রাখা ফুল ছিঁড়ে ফেলা হয়।

ঘটনার প্রতিবাদে রাত সাড়ে ১২টার দিকে রুমিন ফারহানার সমর্থকরা শাহবাজপুর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেন। লাঠিসোঁটা হাতে তারা সড়কে টায়ারে আগুন জ্বালিয়ে সব ধরনের যান চলাচল বন্ধ করে দেন এবং আনোয়ার হোসেন মাস্টারের বিরুদ্ধে স্লোগান দেন।

সরাইল থানা ও খাঁটিহাতা হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আইনি ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে রাত দেড়টার দিকে অবরোধকারীরা সড়ক ছাড়েন। তবে প্রায় এক ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকায় দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

সরাইল উপজেলা বিএনপির সভাপতি আনিছুল ইসলাম ঠাকুর বলেন, শহিদ মিনারে ফুল দেওয়ার বিষয়ে দলীয় সিদ্ধান্ত রয়েছে, এর বাইরে কোনো সিদ্ধান্ত হয়নি; বিষয়টি খতিয়ে দেখা হবে।

সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহাঙ্গীর আলম জানান, রাত দেড়টার পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রুমিন ফারহানা স্বতন্ত্র প্রার্থী হিসেবে হাঁস প্রতীকে ১ লাখ ১৮ হাজার ৫৪৭ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপি জোটের শরিক জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের প্রার্থী মাওলানা জুনায়েদ আল হাবিব, যিনি খেজুরগাছ প্রতীকে পান ৮০ হাজার ৪৩৪ ভোট। দলীয় সিদ্ধান্তের বাইরে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় তিনি বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহসম্পাদকের পদ হারান।

বিজ্ঞাপন

রাজধানীতে সামান্য বেড়েছে তাপমাত্রা
২১ ফেব্রুয়ারি ২০২৬ ১১:৫০

ভাষা শহিদদের প্রতি ইউজিসি'র শ্রদ্ধা
২১ ফেব্রুয়ারি ২০২৬ ১১:৪৫

আরো

সম্পর্কিত খবর