ঢাকা: ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন এবং দেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি আবেগঘন পোস্ট দিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ ২১ ফেব্রুয়ারি সকালে নিজের ভেরিফায়েড পেজ থেকে গত বছরের একটি পোস্ট শেয়ার করে তিনি এই বার্তা দেন।
ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘গত বছরে লিখেছিলাম। আল্লাহর ইচ্ছায় জনগণের ভোটে সরকার গঠন হয়েছে। শ্রদ্ধা জানাই ২৪-কে আবারও।’

মির্জা ফখরুলের শেয়ার করা ফেসবুক পোস্ট।
উল্লেখ্য, মির্জা ফখরুল তার শেয়ার করা পুরনো পোস্টটিতে ২০১৮ সালের একটি ঘটনার স্মৃতিচারণ করেছিলেন। সেখানে তিনি উল্লেখ করেছিলেন যে, আওয়ামী লীগ সরকারের সময় তাদেরকে ২১শে ফেব্রুয়ারিতে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানাতে অনুমতি দেওয়া হয়নি। সেই পোস্টে তিনি লিখেছিলেন, ‘আমাদের গণতন্ত্রের জন্য লড়াই এখনও চলছে। আমরা আমাদের শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি—১৯৫২, ১৯৭১, ১৯৯০, ২০২৪।’
তিনি আরও উল্লেখ করেছিলেন, ইনশাআল্লাহ খুব শীঘ্রই দেশে একটি নির্বাচিত সরকার গঠিত হবে, যা হবে জনগণের দ্বারা, জনগণের জন্য এবং জনগণের সরকার।
আজকের এই পোস্টে ‘২৪-কে শ্রদ্ধা’ জানানোর মাধ্যমে তিনি মূলত ২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থান এবং এর পরবর্তী রাজনৈতিক পরিবর্তনকে ইঙ্গিত করেছেন বলে ধারণা করা হচ্ছে।