Tuesday 07 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সড়কে চাঁদাবাজির সুযোগ নেই: পানিসম্পদমন্ত্রী

স্টাফ করেসপন্ডেন্ট
২০ ফেব্রুয়ারি ২০২৬ ১৫:৩৬ | আপডেট: ২০ ফেব্রুয়ারি ২০২৬ ২০:৪০

লক্ষ্মীপুর সার্কিট হাউসে মতবিনিময়কালে পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।

লক্ষ্মীপুর: সড়কে চাঁদাবাজির কোনো সুযোগ নেই এবং এ বিষয়ে সরকার অত্যন্ত কঠোর বলে হুঁশিয়ারি দিয়েছেন পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকালে লক্ষ্মীপুর সার্কিট হাউসে জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান এরই মধ্যে মন্ত্রিসভার বৈঠক করেছেন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ নির্দেশনা দিয়েছেন। বিশেষ করে রমজান মাসে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখা এবং এলাকার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে প্রতিটি দপ্তরকে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে।’

বিজ্ঞাপন

লক্ষ্মীপুরের জলাবদ্ধতা নিরসন প্রসঙ্গে এ্যানি বলেন, ‘বৃহত্তর নোয়াখালীর জলাবদ্ধতা দূর করতে ভুলুয়া নদী ও রহমতখালী খাল পুনঃখননের একটি নতুন প্রকল্প পরিকল্পনাধীন রয়েছে। এটি বাস্তবায়ন হলে লক্ষ্মীপুরবাসী দীর্ঘদিনের জলাবদ্ধতার অভিশাপ থেকে মুক্তি পাবে। এছাড়া মেঘনা নদী ও রহমতখালী খালের ভাঙন রোধে ফিজিবিলিটি স্টাডির মাধ্যমে স্থায়ী সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছে। সরকারের ১৮০ দিনের কর্মসূচির আওতায় দ্রুতই দেশব্যাপী খাল খনন শুরু হবে, যার মধ্যে লক্ষ্মীপুরও অন্তর্ভুক্ত থাকবে।’

সার্কিট হাউসে মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানিকে ফুলেল শুভেচ্ছা জানান জেলা প্রশাসক এস এম মেহেদী হাসান ও জেলা পুলিশ সুপার মো. আবু তারেক।

এ সময় জেলা বিএনপির সদস্য সচিব সাহাবুদ্দিন সাবু, যুগ্ম-আহ্বায়ক হাছিবুর রহমান, বাফুফের সহ-সভাপতি ওয়াহিদউদ্দিন চৌধুরী হ্যাপী এবং লক্ষ্মীপুর পৌরসভার সাবেক চেয়ারম্যান হাছানুজ্জামান চৌধুরী মিন্টুসহ স্থানীয় প্রশাসনের পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এসআর/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর