Saturday 21 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নির্বাচনী পরিবেশ যথেষ্ট ভালো ও সন্তোষজনক: ইসি মাছউদ

স্টাফ করেসপন্ডেন্ট
৪ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:৪৪ | আপডেট: ৪ ফেব্রুয়ারি ২০২৬ ১৮:৫০

– ছবি : সারাবাংলা

ঢাকা: দেশের নির্বাচনী পরিবেশকে ‘যথেষ্ট ও তুলনামূলকভাবে ভালো’ বলে দাবি করেছেন নির্বাচন কমিশনার (ইসি) মো. আব্দুর রহমানেল মাছউদ। একই সঙ্গে ভোটের পরিবেশ সুষ্ঠু রাখতে তিনি সব রাজনৈতিক দলের সক্রিয় সহযোগিতা কামনা করেছেন তিনি।

‎বুধবার (৪ ফেব্রুয়ারি) নির্বাচন ভবনে ইসি সচিবালয় ও নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটের কর্মকর্তাদের সঙ্গে সমন্বয় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

‎ইসি মাছউদ বলেন, আমরা মনে করি নির্বাচনী পরিবেশ যথেষ্ট ভালো আছে। তবে এই পরিবেশ ধরে রাখতে রাজনৈতিক দলগুলোর ভূমিকা গুরুত্বপূর্ণ। আমরা সব দলের নেতৃত্ব ও কর্মীদের কাছে আবেদন জানাই, তারা যেন সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে কমিশনকে সহযোগিতা করেন।

‎এ সময় সারাদেশে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এই কমিশনার জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে সারা দেশে ৩০০ জন বিচারকের সমন্বয়ে ৩০০টি ‘ইলেক্টোরাল ইনকোয়ারি ও অ্যাডজুডিকেশন কমিটি’ কাজ করছে। এছাড়া নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট) মাঠে রয়েছে।

‎তিনি বলেন, “কেউ আচরণবিধি ভঙ্গ করলে বা সংক্ষুব্ধ হলে সরাসরি ইনকোয়ারি কমিটির কাছে অভিযোগ করতে পারেন। তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে কমিশন দোষীদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেবে।” এমনকি নির্বাচনের দায়িত্বে থাকা কোনো কর্মকর্তা যদি পক্ষপাতিত্ব করেন, তবে তার বিরুদ্ধেও একই প্রক্রিয়ায় ব্যবস্থা নেওয়া হবে।

‎ঢাকা-১৭ আসনের এক প্রার্থীর বিরুদ্ধে সেনাবাহিনীর সাথে দুর্ব্যবহার এবং অস্ত্র নিয়ে নিষিদ্ধ এলাকায় প্রবেশের চেষ্টার অভিযোগ প্রসঙ্গে ইসি মাছউদ বলেন, “বিষয়টি তদন্তসাপেক্ষ। দুর্ব্যবহারের ধরণ এবং আইনি কাঠামো বিশ্লেষণ করে ব্যবস্থা নেওয়া হবে। কোনো ব্যক্তি বা প্রার্থী যদি আইন অমান্য করেন, তবে তথ্য-প্রমাণের ভিত্তিতে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য কমিশনকে সুপারিশ করবে তদন্ত কমিটি।

বিজ্ঞাপন
‎ ‎সারাবাংলা/এনএল/এসআর
বিজ্ঞাপন

ফ্রেমের ভাষায় গর্ব ও আবেগের একুশ [ছবি]
২২ ফেব্রুয়ারি ২০২৬ ০০:১১

আরো

সম্পর্কিত খবর