Friday 20 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

একটি দল টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা চালাচ্ছে: আমিনুল হক

স্টাফ করেসপন্ডেন্ট
৪ ফেব্রুয়ারি ২০২৬ ১৪:৪১ | আপডেট: ৪ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:৫২

-ছবি : সংগৃহীত

ঢাকা: আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে মিরপুর এলাকায় সাধারণ ভোটারদের প্রভাবিত করতে জামায়াতে ইসলামী অর্থ ও উপহার সামগ্রী বিতরণ করছে বলে অভিযোগ করেছেন ঢাকা-১৬ আসনের ধানের শীষের প্রার্থী আমিনুল হক।

তিনি বলেন, শবে বরাতকে কেন্দ্র করে জামায়াতের কর্মীরা রাতের আঁধারে ঘরে ঘরে পোলাওয়ের চাল ও মুরগি পৌঁছে দেওয়ার চেষ্টা করেছে। অসহায় ও দরিদ্র মানুষকে টাকা ও খাবারের প্রলোভন দেখিয়ে ভোট কেনার অপচেষ্টা চালাচ্ছে। এ ধরনের কর্মকাণ্ড অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশকে মারাত্মকভাবে বাধাগ্রস্ত করছে।

বুধবার (০৪ ফেব্রুয়ারি) মিরপুর-১১-এর আদর্শ নগর এলাকায় গণসংযোগকালে এসব অভিযোগ করেন তিনি।

বিজ্ঞাপন

আমিনুল হক বলেন, একটি চক্র পরিকল্পিতভাবে বিভ্রান্তিমূলক তথ্য ছড়িয়ে এবং অর্থের লোভ দেখিয়ে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নষ্ট করতে চাচ্ছে। তবে এ বিষয়ে তিনি ও তার সমর্থকেরা সতর্ক অবস্থানে রয়েছেন। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের এসব অভিযোগ রিটার্নিং কর্মকর্তা ও নির্বাচন কমিশনকে লিখিতভাবে জানানো হয়েছে। পাশাপাশি দলের কেন্দ্রীয় নেতারাও বিষয়টি নিয়ে নির্বাচন কমিশনের সঙ্গে যোগাযোগ রাখছেন।

গণসংযোগকালে তিনি ভোটারদের উদ্দেশে বলেন, দেশের সাধারণ মানুষ এখন অনেক সচেতন। তারা কোনো প্রলোভনে পা দেবে না। আগামী ১২ ফেব্রুয়ারি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

এ সময় গণসংযোগে আমিনুল হকের সঙ্গে বিপুলসংখ্যক সমর্থক ও স্থানীয় সাধারণ মানুষ অংশ নেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর