Friday 20 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জয়-পলকের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ ২১ জানুয়ারি

স্টাফ করেসপন্ডেন্ট
১৫ জানুয়ারি ২০২৬ ১৫:৩২ | আপডেট: ১৫ জানুয়ারি ২০২৬ ১৮:১৪

সজীব ওয়াজেদ জয় ও সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক – ছবি : সংগৃহীত

ঢাকা: মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় ও সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশের জন্য আগামী ২১ জানুয়ারি দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেল এ আদেশ দেন।

এদিন ট্রাইব্যুনালে আসামিপক্ষে শুনানি করেন আইনজীবীরা। পলকের পক্ষে আইনজীবী লিটন আহমেদ এবং জয়ের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মনজুর আলম শুনানি করেন। তারা প্রসিকিউশনের আনা তিনটি অভিযোগের বিরোধিতা করে বলেন, এসব অভিযোগের সঙ্গে জয় ও পলকের কোনো সংশ্লিষ্টতা নেই। এজন্য অভিযোগ গঠন না করে তাদের অব্যাহতির আবেদন জানানো হয়।

বিজ্ঞাপন

অন্যদিকে প্রসিকিউশনের পক্ষে উভয়ের বিরুদ্ধে অভিযোগ গঠনের আবেদন জানানো হয়। উভয় পক্ষের শুনানি শেষে এ বিষয়ে আদেশের জন্য আগামী ২১ জানুয়ারি দিন ধার্য করেন ট্রাইব্যুনাল।

এর আগে, গত ১১ জানুয়ারি চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম অভিযোগ গঠনের বিষয়ে শুনানি করেন। ওই দিন তিনি তিনটি অভিযোগ পাঠ করে শোনানোর পাশাপাশি দুই আসামির বিরুদ্ধে বিচার শুরুর আবেদন জানান। এরপর আসামিপক্ষের শুনানির জন্য ১৫ জানুয়ারি দিন নির্ধারণ করা হয়।

মামলায় আনা তিনটি অভিযোগ অনুযায়ী, ২০২৪ সালের ১৪ জুলাই রাতে জয়ের নির্দেশে ফেসবুকে উসকানিমূলক বক্তব্য দেন পলক। এর জেরে ১৫ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন স্থানে আন্দোলনকারীদের ওপর পুলিশ, আওয়ামী লীগ ও ছাত্রলীগের সশস্ত্র সদস্যরা হামলা চালায়। এছাড়া ইন্টারনেট বন্ধ করে মারণাস্ত্র ব্যবহারে উসকানি ও হত্যায় সহায়তার অভিযোগও রয়েছে তাদের বিরুদ্ধে।

প্রসিকিউশনের দাবি, এসব হামলায় রাসেল, মোসলেহ উদ্দিনসহ মোট ২৮ জন শহীদ হন। পাশাপাশি উত্তরা এলাকায় সংঘটিত ৩৪ হত্যায় সহায়তার অভিযোগও অন্তর্ভুক্ত রয়েছে।

এর আগে, গত ১০ ডিসেম্বর জয়কে আত্মসমর্পণের নির্দেশ দিয়ে দুটি জাতীয় দৈনিকে বিজ্ঞপ্তি প্রকাশের আদেশ দেন ট্রাইব্যুনাল। গ্রেপ্তার থাকা অবস্থায় একই দিন পলককে আদালতে হাজির করা হয়। এরও আগে, ৪ ডিসেম্বর প্রসিকিউশনের দাখিল করা ফরমাল চার্জ আমলে নেন ট্রাইব্যুনাল।

সারাবাংলা/টিএম/এসআর
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর