ঢাকা: সরবরাহকারী বা ক্রেতার ঋণের অধীনে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) আমদানির ক্ষেত্রে ২৭০ দিন পর্যন্ত ব্যবহারের সময়সীমা নির্ধারণ করে নতুন নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এতে এলপিজিকে শিল্প কাঁচামাল হিসেবে বিবেচনা করে ওই সময়সীমার মধ্যে আমদানির অনুমতি দেওয়া হবে।
রোববার (১১ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ (এফইপিডি) এ সংক্রান্ত সার্কুলার জারি করেছে।
কেন্দ্রীয় ব্যাংক জানায়, ২৯ ডিসেম্বর ২০২৫ তারিখে জারি করা এফই সার্কুলার নং ৫১/২০২৫ অনুযায়ী শিল্প কাঁচামাল আমদানিতে সর্বোচ্চ ২৭০ দিন পর্যন্ত ব্যবহারকাল বা নগদ রূপান্তর চক্র—যেটি আগে ঘটে—অনুমোদিত। এই প্রেক্ষাপটে স্পষ্টীকরণ হিসেবে জানানো হয়েছে যে, এলপিজি বাল্ক আকারে আমদানি হয়ে দেশে সংরক্ষণ, বোতলজাতকরণ ও সংশ্লিষ্ট পরিচালনা প্রক্রিয়ার মাধ্যমে গার্হস্থ্য ব্যবহারে আসে; ফলে এ খাতে অতিরিক্ত সময়ের প্রয়োজন হয়। তাই এলপিজিকে যোগ্য শিল্প কাঁচামাল হিসেবে ধরে সরবরাহকারী বা ক্রেতার ঋণের আওতায় আমদানির অনুমতি দেওয়া যেতে পারে।
এছাড়া সরবরাহকারীদের কাছ থেকে ট্রেড ক্রেডিট নেওয়ার পাশাপাশি অনুমোদিত ডিলার ব্যাংকগুলোকে বিদেশি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে ক্রেতার ক্রেডিট সুবিধা গ্রহণ অথবা দেশের তফসিলি ব্যাংকের অফশোর ব্যাংকিং ইউনিট এর মাধ্যমে বিল ডিসকাউন্টিংয়ের ব্যবস্থা করার পরামর্শ দেওয়া হয়েছে। তবে এসব সুবিধা গ্রহণে প্রযোজ্য বৈদেশিক মুদ্রা বিধি ও বিচক্ষণ ঋণনীতির শর্তাবলি অনুসরণ করতে হবে।
কেন্দ্রীয় ব্যাংক আরও জানায়, এ বিষয়ে বিদ্যমান অন্যান্য সব প্রাসঙ্গিক বিধান অপরিবর্তিত থাকবে এবং সংশ্লিষ্ট সব পক্ষকে সার্কুলারের বিষয়বস্তু অবহিত করার নির্দেশ দেওয়া হয়েছে।