ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজের বরাতে বিবিসি জানিয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে এই হামলা চালানো হচ্ছে। শক্তিশালী এ হামলার মুখে দেশে জরুরি অবস্থা জারি করেছে ভেনেজুয়েলার সরকার। রাজধানী কারাকাস ছাড়াও মিরান্দা, আরাগুয়া ও লা গাইরা প্রদেশেও হামলার কথা জানা গেছে।
সিবিএস জানিয়েছে, ভেনেজুয়েলার হামলার বিষয়ে পেন্টাগনের কাছে করা সব অনুরোধ মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় হোয়াইট হাউজের কাছে পাঠিয়ে দিয়েছে।
শনিবার (৩ জানুয়ারি) ভোরে এক মার্কিন কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলায় হামলা চালিয়েছে। তবে নাম প্রকাশ না করার শর্তে কথা বলা এই কর্মকর্তা বিস্তারিত আর কিছু জানাননি।
ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে শুক্রবার গভীর রাতে একাধিক শক্তিশালী বিস্ফোরণ ঘটেছে। স্থানীয় সময় রাত ১টা ৫০ মিনিটের দিকে প্রথম বিস্ফোরণটি হয়। বিস্ফোরণের পর শহরের দক্ষিণাঞ্চলের একটি বড় সামরিক ঘাঁটির কাছাকাছি এলাকা বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে বলে খবর পাওয়া গেছে।
বিবিসি লিখেছে, এ হামলাকে যুক্তরাষ্ট্রের তেল ও খনিজ সম্পদ দখলের প্রচেষ্টা হিসেবে বর্ণনা করে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো তার দেশে জরুরি অবস্থা ঘোষণা করেছেন।
প্রেসিডেন্ট ট্রাম্প বারবার বলে আসছেন যে ভেনেজুয়েলার ‘মাদক পাচারকারী নেটওয়ার্কের’ বিরুদ্ধে ব্যবস্থা নিতে যুক্তরাষ্ট্র প্রস্তুতি নিচ্ছে। স্থলভাগে ‘শিগগির’ হামলা শুরু হবে বলেও তিনি সতর্ক করে আসছিলেন।