Saturday 21 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ক্রেডিট কার্ডে ঊর্ধ্বমুখী লেনদেন

স্টাফ করেসপন্ডেন্ট
২৫ ডিসেম্বর ২০২৫ ১৬:৪৩ | আপডেট: ২৫ ডিসেম্বর ২০২৫ ২২:০২

-ছবি : প্রতীকী ও সংগৃহীত

ঢাকা: দেশের ভেতর ও বাইরে গত জুনের তুলনায় জুলাইয়ে ক্রেডিট কার্ডের মাধ্যমে লেনদেন বেড়েছে। সম্প্রতি বাংলাদেশ ব্যাংক প্রকাশিত ক্রেডিট কার্ডে দেশে-বিদেশে লেনদেনসংক্রান্ত হালনাগাদ প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে দেশের ভেতরে ও বিদেশে বাংলাদেশি নাগরিক এবং দেশের ভেতরে বিদেশি নাগরিকদের ক্রেডিট কার্ড ব্যবহারের তথ্য তুলে ধরা হয়।

কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের সেপ্টেম্বরে বিদেশে ক্রেডিট কার্ড ব্যবহার করে বাংলাদেশিরা ৪৯৪ কোটি ২ লাখ টাকা খরচ করে। আর অক্টোবরে খরচ করে ৫৩৪ কোটি ২ লাখ টাকা। সেই হিসাবে অক্টোবরে বিদেশে বাংলাদেশি ক্রেডিট কার্ডের লেনদেন বেড়েছে ৪০ কোটি টাকা।

বিজ্ঞাপন

প্রতিবেদন বলছে, ক্রেডিট কার্ডের মাধ্যমে চলতি বছরের অক্টোবরে বিদেশে সবচেয়ে বেশি খরচ হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে বাংলাদেশিরা ক্রেডিট কার্ডের মাধ্যমে খরচ করেছে ৭২ কোটি ৬ লাখ টাকা। এরপর যুক্তরাজ্যে ৫২ কোটি ২ লাখ টাকা, থাইল্যান্ডে ৫৬ কোটি ৩ লাখ টাকা, সিঙ্গাপুরে ৪৫ কোটি ২ লাখ টাকা, মালয়েশিয়ায় ৪৫ কোটি টাকা, ভারতে ৩২ কোটি ৬ লাখ টাকা, নেদারল্যান্ডে ২৩ কোটি, সৌদিতে ৩১ কোটি, কানাডায় ২০ কোটি, অস্ট্রেলিয়ায় ১৭ কোটি, ইউএই ১৯ কোটি, চীনে ১৮ কোটি ৯ লাখ ও অন্যান্য দেশে ৯৯ কোটি টাকা খরচ করেছে বাংলাদেশিরা।

অপরদিকে, বিদেশিরা বাংলাদেশে এসে ক্রেডিট কার্ডের মাধ্যমে কত খরচ করছেন, সেই তথ্যও প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় এই ব্যাংকটি বলছে, গত সেপ্টেম্বরে বিদেশিরা বাংলাদেশে এসে খরচ করেছিল ১৭৫ কোটি ৯ লাখ টাকা। আর অক্টোবরে তারা বাংলাদেশে এসে খরচ করে ১৯৯ কোটি ৭ লাখ টাকা। সেই হিসাবে সেপ্টেম্বরে বিদেশিরা বাংলাদেশে বেশি খরচ করেছে ২৪ কোটি টাকা।

এ ক্ষেত্রেও শীর্ষে আছে যুক্তরাষ্ট্র। দেশটির নাগরিকরা বাংলাদেশে খরচ করেছেন ৪৪ কোটি ২ লাখ টাকা। এরপর যুক্তরাজ্যের নাগরিকরা খরচ করেছেন ২১ কোটি টাকা। তৃতীয়স্থানে রয়েছেন ভারত। দেশটির নাগরিকরা বাংলাদেশে এসে ক্রেডিট কার্ডের মাধ্যমে খরচ করেছে ১৮ কোটি টাকা।

প্রতিবেদন অনুযায়ী, সেপ্টেম্বরের তুলনায় অক্টোবরে দেশের ভেতর ক্রেডিট কার্ডের মাধ্যমে লেনদেন বেশি হয়েছে। সেপ্টেম্বরে দেশের ভেতর খরচ হয়েছিল ৩ হাজার ৩৯৫ কোটি টাকা। আর অক্টোবরে দেশের ভেতর খরচ হয়েছে ৩ হাজার ৪৭১ কোটি টাকা। সেই হিসাবে অক্টোবরে ক্রেডিট কার্ডের মাধ্যমে দেশের ভেতর বেশি খরচ হয়েছে ৭৬ কোটি টাকা।

সারাবাংলা/এসএ/এসআর
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর