Friday 20 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় সশস্ত্র বাহিনীর ভূমিকা প্রশ্নাতীত: গোলাম পরওয়ার

স্পেশাল করেসপন্ডেন্ট
২১ নভেম্বর ২০২৫ ১৫:৪৬ | আপডেট: ২১ নভেম্বর ২০২৫ ১৭:৫২

– কোলাজ ছবি : সংগৃহীত

ঢাকা: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার বলেছেন, আমাদের স্বাধীনতা-সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় সশস্ত্র বাহিনীর ভূমিকা প্রশ্নাতীত। দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব, নিরাপত্তা ও শান্তি রক্ষায় সশস্ত্র বাহিনীর আত্মত্যাগ ও দায়িত্বশীল ভূমিকা জাতির ইতিহাসে গৌরবের সঙ্গে স্মরণীয় হয়ে রয়েছে। আমি আশা করি, ভবিষ্যতেও এই ভূমিকা অব্যাহত থাকবে। পাশাপাশি সশস্ত্র বাহিনী জলোচ্ছ্বাস, বন্যা, ঘূর্ণিঝড়সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ ও দুর্বিপাক মোকাবেলায় এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে বেসামরিক প্রশাসনকে বলিষ্ঠভাবে সহায়তা করে তারা জাতির আস্থার প্রতীক হয়ে উঠেছে। আশা করি, সশস্ত্র বাহিনী সর্বাবস্থায় দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় দেশপ্রেমিক জনতার সঙ্গে একত্রে কাজ করে যাবে।

বিজ্ঞাপন

শুক্রবার (২১ নভেম্বর) সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

বিবৃতিতে তিনি বলেন, ২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস। জাতির ইতিহাসে এটি এক গৌরবময় দিন। ’৭১ সালের এই দিনে মহান মুক্তিযুদ্ধে আমাদের অকুতোভয় সেনা, নৌ ও বিমানবাহিনীর সদস্যরা পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে একযোগে ঝাঁপিয়ে পড়ে পাল্টা আক্রমণ শুরু করেন। দেশের মুক্তিবাহিনী, বিভিন্ন আধাসামরিক বাহিনীর সদস্যরা ও দেশপ্রেমিক জনতা এই সম্মিলিত আক্রমণে অংশ নেন। হানাদার পাক বাহিনীকে পরাজিত করে ১৬ ডিসেম্বর আমরা চূড়ান্ত বিজয় অর্জন করি। এরই ধারাবাহিকতায় প্রতি বছর ২১ নভেম্বর মহান মুক্তিযুদ্ধে আমাদের অগ্রযাত্রা ও বিজয়ের স্মারক হিসেবে সশস্ত্র বাহিনী দিবস পালন করা হয়।

তিনি আরও বলেন, ন্যায়, সত্য ও মানবিকতার ভিত্তিতে গড়ে ওঠা শক্তিশালী একটি সশস্ত্র বাহিনীই জাতিকে নিরাপদ ও স্থিতিশীল ভবিষ্যৎ উপহার দিতে পারে। মহান আল্লাহর নিকট দোয়া করি- তিনি আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশকে নিরাপদ রাখুন এবং সশস্ত্র বাহিনীকে দেশ ও জনগণের সেবায় আরও শক্তি, প্রজ্ঞা ও সাফল্য দান করুন।

বিজ্ঞাপন

মোহনপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১
২০ ফেব্রুয়ারি ২০২৬ ২০:৩২

আরো

সম্পর্কিত খবর