Tuesday 07 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সন্ধ্যার মধ্যে ৭ জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস

স্টাফ করেসপন্ডেন্ট
৬ অক্টোবর ২০২৫ ১০:৫৯ | আপডেট: ৬ অক্টোবর ২০২৫ ১২:৫১

বৃষ্টি। ছবি: সারাবাংলা

ঢাকা: সন্ধ্যার মধ্যে দেশের সাতটি জেলার ওপর দিয়ে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

সোমবার (৬ অক্টোবর) সকাল থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের নদীবন্দরের জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

আবহাওয়াবিদ কাজী জেবুন্নেছা জানান, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ–পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। এ সময় এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

এ ছাড়া, সর্বশেষ ১২০ ঘণ্টার সারাদেশের পূর্বাভাসে বলা হয়েছে—আজ খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক স্থানে এবং রংপুর, রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে।

বিজ্ঞাপন

সেই সঙ্গে, দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণও হতে পারে। তবে, দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানানো হয়েছে।

নাগরিকদের প্রতি পরামর্শ—আকাশ মেঘলা থাকলে অপ্রয়োজনে বাইরে না যাওয়া, খোলা জায়গা বা পানির কাছে অবস্থান এড়িয়ে চলা এবং বজ্রপাতের সময় নিরাপদ আশ্রয়ে থাকা।

সারাবাংলা/এফএন/এসডব্লিউ