ঢাকা: বগুড়া-৬ এবং শেরপুর-৩ আসনে জাতীয় সংসদের উপনির্বাচনে সরকারি দল বিএনপির বিরুদ্ধে কারচুপির অভিযোগ এনেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে মগবাজারে কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।
মিয়া গোলাম পরওয়ার বলেন, সকালেই বিভিন্ন কেন্দ্রের এজেন্টদের কাছ থেকে প্রিজাইডিং অফিসার রেজাল্ট সিটে সই নিয়ে নিয়েছেন। নিয়ম হলো ভোট শেষ হওয়ার পর এজেন্টরা সই করবেন। মালতিনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের এজেন্টের সই নিয়েছে। জাল ভোট দিয়ে সিল মারা হচ্ছে। এজেন্টদের বের করে দেওয়া হচ্ছে। দুপুর ১২টা পর্যন্ত ১৩টা ভোট কেন্দ্র থেকে জোর এজেন্টদের বের করে দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, ইসলামীয়া কামিল মাদরাসা কেন্দ্রে শ্রীবরদী পৌর বিএনপির সেক্রেটারি আবদুল্লাহ মোহাম্মদ দুলাল ও আহবায়ক অপুর নেতৃত্বে এই কেন্দ্র থেকে এজেন্ট বের করে দেওয়া হয়েছে। এর প্রতিবাদ করতে গেলে ওই উপজেলা জামায়াতে ইসলামীর যুব কমিটির সভাপতি আমির হামজার ওপরে হামলা হয়েছে তাকে মারধর করা হয়েছে। সে নিজেও মিডিয়ায় বক্তব্য দিয়েছে। স্যোশাল মিডিয়া এই বের করে দেওয়া, জাল ভোট ভাইরাল হয়েছে।
তিনি বলেন, পুলিশ, সেনাবাহিনী, রিটার্নিং অফিসারকে বার বার বলার পরও কোনো ব্যবস্থা নেয়নি। মনে হচ্ছে প্রশাসন অসহায়। কোনো জায়গা থেকে নির্দেশিত হয়ে তারা আর কিছু করতে পারছেন না। কেবলই এক/দেড় মাস হলো অবাধ নিরপেক্ষ নির্বাচনের কথা বলে জীবন দেওয়া। ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের নেতৃত্ব দেওয়া বড় দল এখন ক্ষমতায়। তাদের হাতে দুটি নির্বাচনে এই যদি চিত্র হয়, সামনে স্থানীয় সরকার নির্বাচনসহ আর যেসব নির্বাচন হবে। সেই নির্বাচনে আমরা কি করে ভোটারদের আকাঙ্খার প্রতিফলন আমরা আশা করতে পারি।
প্রধান নির্বাচন কমিশনারের প্রতি আহবান জানিয়ে মিয়া গোলাম পরওয়ার বলেন, যেসব কেন্দ্রে অনিয়ম হয়েছে সেখানে ভোট বন্ধ রাখুন। অন্যত্থায় এই ফলাফল মেনে নেওয়া হবে না।