Monday 06 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘সংবিধানের দোহাই দিয়ে জনগণকে কাঁঠাল খাওয়ানোর চেষ্টা করবেন না’

রাবি করেসপন্ডেন্ট
৬ এপ্রিল ২০২৬ ২২:৩১

আমার বাংলাদেশ পার্টির (এবি) সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ

রাজশাহী: আমার বাংলাদেশ পার্টির (এবি) সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, রাজনৈতিক প্রশ্ন সংবিধানের দোহাই দিয়ে, অজুহাত দিয়ে আমাদেরকে কাঁঠাল খাওয়ানোর চেষ্টা করবেন না। এই সংবিধানের কাঁঠাল জপতে জপতে ওবায়দুল কাদেররা আজ কলকাতার আইসিইউতে রাত কাটাচ্ছেন।

সোমবার (৬ এপ্রিল) বিকেলে বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদের (রাকসু) আয়োজিত ‘গণভোটের রায় বাস্তবায়নে গড়িমসি-সংকটের পথে দেশ’ শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন।

ব্যারিস্টার ফুয়াদ বলেন, ‘এই সংবিধানের কাঁঠাল জপতে জপতে শেখ হাসিনাকে এক কাপড়ে বাংলাদেশ ছাড়তে হয়েছে। এই সংবিধানের কাঁঠাল জপতে জপতে ভারতকে আজ আওয়ামী লীগের তীর্থস্থান বানাতে হয়েছে। যে দলের একাংশে নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছিল। আজকে সেই দলের নেতাদেরকে দেশ ছেড়ে পালাতে হয়েছে।’

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘যদি শিক্ষা না নেন তাহলে আপনাদেরকেও (বিএনপি) ইতিহাসের কাঠগড়ায় দাঁড়াতে হবে। ১৭ বছরের জুলুম নির্যাতনের ইতিহাস এত তাড়াতাড়ি ভুলে গেলেন, আপনারা গোল্ড ফিসকেও হার মানিয়েছেন। আপনারা আত্মবিস্তৃত জাতি, আওয়ামী লীগদের কে এটা ভুলতে ১৭ বছর সময় লেগেছিল। আপনার ১৭ দিনও সময় নেন নাই।’

তিনি আরও বলেন, ‘আপনাদের জন্য আমরাও লড়াই করেছি, সংগ্রাম করেছি, শহিদ জিয়ার স্বপ্নের রাজনীতি আমরা করছি। কিন্তু আপনাদের আচরণের মধ্যে বেগম জিয়াকে খুঁজে পাচ্ছি না। আপনাদের বিএনপির সংবিধান বিশেষজ্ঞদের আয়নায় আমরা জিয়াউর রহমানকে খুঁজে পাচ্ছি না। এই বিএনপি কোথা থেকে এসেছে। যারা বাংলাদেশপন্থী রাজনীতি করেছে আমরা তো সেই বিএনপিকে খুঁজে পেতে চাই। যারা পাসপোর্ট বিরোধী আন্দোলন করেছে আমরা সেই বিএনপিকে খুঁজে পেতে চাই।’

রাকসু’র বিতর্ক সম্পাদক ইমরান লস্করের সঞ্চালনায় সেমিনারে আরও উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির, রাকসু’র সহ-সভাপতি (ভিপি) মোস্তাকুর রহমান জাহিদ, জিএস সালাহউদ্দিন আম্মার ও কথাসাহিত্যিক নাজিব ওয়াদুদসহ আমন্ত্রিত অতিথিরা।

সারাবাংলা/এনএমই/এইচআই
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর