ঢাকা: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, জনগণের জানমাল রক্ষা ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি সকল রাজনৈতিক ও সামাজিক সংগঠনকে দল-মত নির্বিশেষে শান্তি, শৃঙ্খলা ও উন্নয়নের স্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
তিনি আরও বলেন, জনগণের আস্থা অর্জনের মাধ্যমে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও জনবান্ধব ও কার্যকর ভূমিকা পালন করতে হবে।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকালে ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম ও ঢাকা-১৬ আসনের সংসদ সদস্য আবদুল বাতেনের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সভায় আরও উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, ঢাকা মহানগরী উত্তরের আমীর সেলিম উদ্দিন, নায়েবে আমীর আবদুর রহমান মুসা এবং উভয় আসনের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা।
সভায় ঢাকা-১৪ ও ঢাকা-১৬ নির্বাচনি এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, নাগরিকদের নিরাপত্তা, মাদক ও সন্ত্রাসবিরোধী কার্যক্রম, কিশোর গ্যাং প্রতিরোধ এবং সামাজিক সম্প্রীতি রক্ষায় করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। জাতীয় সংসদ সদস্যগণ ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিরা মাঠপর্যায়ের বিভিন্ন চ্যালেঞ্জ ও সম্ভাবনা তুলে ধরেন।
সভায় উপস্থিত ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম ও ঢাকা-১৬ আসনের সম্মানিত সংসদ আবদুল বাতেন এলাকার উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি অপরাধ দমনে সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা জনগণের সহযোগিতা কামনা করেন এবং চলমান বিশেষ অভিযান ও সচেতনতামূলক কার্যক্রমের বিষয়ে অবহিত করেন।