Sunday 22 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আমার কিছু হলে দায় ভরসা ও বিএনপিকে নিতে হবে: আখতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২২ ফেব্রুয়ারি ২০২৬ ১৫:২২ | আপডেট: ২২ ফেব্রুয়ারি ২০২৬ ১৬:৪৫

হরতাল কর্মসূচির কারণে এলাকার পরিবেশ থমথমে।

রংপুর: রংপুর-৪ আসনে ভোট পুনর্গণনার দাবিতে এবং সংসদ সদস্য আখতার হোসেনের রংপুর সফরের প্রতিবাদে হারাগাছ পৌর এলাকায় সকাল ১১টা থেকে পালিত হচ্ছে হরতাল। স্থানীয় বিএনপি নেতাকর্মীদের এমন কর্মসূচি ঘিরে ফেসবুক আইডিতে আখতার হোসেন লিখেছেন, আমার হারাগাছে আসা নিয়ে যদি কিছু ঘটে তার দায় ভরসা এবং বিএনপির হাইকমান্ডকে নিতে হবে।

আখতার হোসেনের সফরসূচি অনুসারে, রোববার (২২ ফেব্রুয়ারি) দুপুর ৩টায় তিনি হারাগাছ পৌর এলাকার লোকজনের সঙ্গে কুশল বিনিময়, শহিদ লাভলু মিয়ার পরিবারের সঙ্গে সাক্ষাৎ এবং হারাগাছ থানা পরিদর্শন করবেন। নির্বাচনের পর নিজ এলাকায় তিনি প্রথম সফরে আসছেন।

বিজ্ঞাপন

হারাগাছ পৌর বিএনপি আয়োজিত এই হরতাল চলবে বিকেল ৪টা পর্যন্ত।

হরতালের কারণে স্বাভাবিক জীবনে কিছুটা হলেও ছন্দপতন ঘটেছে বলে জানিয়েছে স্থানীয়রা। হারাগাছে আখতার হোসেনকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করায় পৌর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পরিস্থিতি উত্তপ্ত থাকায় স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

এর আগে, শনিবার (২১ ফেব্রুয়ারি) রাতে আখতার হোসেনকে ‘জুলাই গাদ্দার’, ‘ভোট চোর’ বলে অভিহিত করে স্থানীয় বিএনপি নেতাকর্মী ও সমর্থকরা। এতে হারাগাছ পৌর বিএনপির সভাপতি মোনায়েম হোসেন ফারুক ও সাধারণ সম্পাদক নুরুল আমিন দাজু হরতাল কর্মসূচি ঘোষণা করেন।

তারা বলেন, আখতার হোসেনের আগমনের খবর পেয়ে এলাকাবাসী ক্ষুব্ধ। নির্বাচনে ব্যাপক কারচুপির অভিযোগ তুলে বিএনপি প্রার্থী এমদাদুল হক ভরসা এরই মধ্যে পুনর্গণনার দাবি জানিয়েছেন। হারাগাছসহ পীরগাছা-কাউনিয়া এলাকায় বিএনপি সমর্থকরা রাস্তায় নেমে বিক্ষোভ দেখিয়েছেন।

স্ট্যাটাসে তিনি বিস্তারিত অভিযোগ করে বলেন, নির্বাচনের দিন হারাগাছ পৌরসভায় শাপলা কলির এজেন্টদের বাধা দেওয়া হয়েছে, কেন্দ্রের বাইরে টেবিল ভাঙচুর করা হয়েছে, কর্মীদের গালাগালি ও হুমকি দেওয়া হয়েছে।

তিনি দাবি করেন, ভরসা বাহিনী হারাগাছে ১৫-২০ হাজার অতিরিক্ত ভোট দেখানোর প্ল্যান করেছিল, যা তিনি ঠেকিয়েছেন। নির্বাচনের পর থেকে এনসিপি কর্মীদের বাড়িঘর ভাঙচুর, লুটপাট ও হামলা চলছে।

তিনি বলেন, ‘আমি হারাগাছে যাবো নিপীড়িত শ্রমিকদের পাশে দাঁড়াতে এবং বাড়িঘর দেখতে।’

হারাগাছ থানার অফিসার ইনচার্জ (ওসি) অশোক চৌহান বলেন, ‘দুপুরে হারাগাছ পৌর শহরে সংসদ সদস্য আখতার হোসেনের সফর ঘিরে কোনো উত্তেজনা নেই। বর্তমান পরিস্থিতি ভালো আছে। তবে কেউ যাতে আইনশৃঙ্খলার অবনতি করতে না পারে সেজন্য পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।’

গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনে রংপুর-৪ আসনে আখতার হোসেন ১ লাখ ৪৯ হাজার ৯৬৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এমদাদুল হক ভরসা পেয়েছেন ১ লাখ ৪০ হাজার ৫৬৪ ভোট। মোট ভোটার ৫ লাখ ১০ হাজারেরও বেশি। বিএনপি ভোট কারচুপির অভিযোগ তুলে ফলাফল প্রত্যাখ্যান করে পুনর্গণনার দাবি জানিয়েছে এবং নির্বাচনের পর থেকে টানা বিক্ষোভ-সমাবেশ চালিয়ে যাচ্ছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর