Tuesday 07 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চাঁদাবাজি বন্ধে পরিবেশমন্ত্রীর বিশেষ উদ্যোগ

স্টাফ করেসপন্ডেন্ট
২০ ফেব্রুয়ারি ২০২৬ ১৪:১৬ | আপডেট: ২০ ফেব্রুয়ারি ২০২৬ ১৯:০৭

ছবি: সংগৃহীত

ঢাকা: নিজের নির্বাচনি এলাকা ফেনী-৩ (দাগনভূঞা-সোনাগাজী) আসনকে চাঁদাবাজি, সন্ত্রাস ও সব ধরনের অনিয়ম থেকে মুক্ত রাখার ঘোষণা দিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু। এ লক্ষ্যে অভিযোগ জানানোর জন্য একটি হটলাইন নম্বরও প্রকাশ করেছেন তিনি।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে মন্ত্রী জানান, ফেনী-৩ এলাকাকে চাঁদাবাজি ও সন্ত্রাসমুক্ত রাখতে তিনি ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করবেন। একটি নিরাপদ ও সুন্দর সমাজ গড়তে স্থানীয়দের সহযোগিতা কামনা করে তিনি লিখেছেন, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হতে হবে এবং নির্ভয়ে তথ্য দিতে হবে। অভিযোগকারীর তথ্য গোপন রাখা হবে বলেও আশ্বাস দেন তিনি।

বিজ্ঞাপন

পোস্টে প্রকাশিত হটলাইন নম্বর (০১৭৩০০০৪৮৪৪)-এ সরাসরি অভিযোগ জানানোর আহ্বান জানানো হয়। পাশাপাশি সবাইকে সচেতন হওয়ার এবং অন্যদেরও সচেতন করার অনুরোধ জানান মন্ত্রী।

পরিবেশমন্ত্রীর এ ঘোষণায় সামাজিক যোগাযোগমাধ্যমে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে। স্থানীয়রা মনে করছেন, উদ্যোগটি বাস্তবায়ন হলে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবার অংশ নিয়ে বিজয়ী হন ব্যবসায়ী ও শিল্প উদ্যোক্তা, বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু। পরে মন্ত্রিসভায় স্থান পেয়ে তিনি পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণ করেন।