Friday 20 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘দুই-তৃতীয়াংশের বেশি আসনে বিজয়ী হয়ে সরকার গঠন করবে বিএনপি’

স্টাফ করেসপন্ডেন্ট
১৩ ফেব্রুয়ারি ২০২৬ ০০:৪৩ | আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০২৬ ০৬:০২

বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহাদী আমিন। ছবি: সংগৃহীত

ঢাকা: দুই-তৃতীয়াংশের বেশি আসনে বিজয়ী হয়ে বিএনপি সরকার গঠন করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহাদী আমিন।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে গুলশানে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।

মাহাদী আমিন বলেন, ‘বিএনপি চেয়ারম্যান তারেক রহমান তার দুটি নির্বাচনি আসন বগুড়া-৬ ও ঢাকা-১৭-তে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। এ ছাড়া, দেশের বিভিন্ন আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থীরা বড় ব্যবধানে এগিয়ে রয়েছেন এবং অনেকেই এরই মধ্যে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।’

তিনি অভিযোগ কৃরেন, ‘ভোটগ্রহণের আগের রাত থেকে তাদের রাজনৈতিক প্রতিপক্ষ বিভিন্ন ধরনের কারচুপি, জালিয়াতি ও কেন্দ্র দখলের সঙ্গে সম্পৃক্ত ছিল।’ এসব বাধা সত্ত্বেও জনগণের ভালোবাসা ও সমর্থনে বিএনপি প্রার্থীরা বিপুল ভোটে এগিয়ে আছেন বলে দাবি করেন তিনি।

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘এখন পর্যন্ত প্রাপ্ত ভোটের হিসাব ও আসনভিত্তিক বিস্তারিত তথ্যের ভিত্তিতে বিএনপি দুই-তৃতীয়াংশের বেশি আসনে জয়ী হয়ে সরকার গঠন করবে। এ বিষয়ে আমরা আত্মবিশ্বাসী।’

সংবাদ সম্মেলনে তিনি আরও অভিযোগ করেন, ‘দেশের বিভিন্ন স্থানে ভোট গণনা ও ফলাফল ঘোষণায় বিলম্ব করা হয়েছে। বিশেষ করে ঢাকা-৮, ঢাকা-১১, ঢাকা-১৩ ও ঢাকা-১৬ আসনে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ফলাফল প্রকাশে দেরি করা হচ্ছে।’ নির্দিষ্ট কিছু প্রার্থীকে বিজয়ী করতে ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’ করা হয়েছে বলেও অভিযোগ তোলেন বিএনপির এই নেতা।

মাহাদী আমিন বলেন, ‘বিএনপি বা ধানের শীষের প্রার্থীদের অপ্রতিরোধ্য বিজয়ের ব্যবধান কমিয়ে আনতে একটি নির্দিষ্ট রাজনৈতিক দল অপপ্রচার ও আচরণবিধি লঙ্ঘন করেছে।’ ফলে কিছু আসনে পরাজয়ের ব্যবধান কমিয়ে আনার চেষ্টা করা হচ্ছে এবং ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ কিছুটা ব্যাহত হয়েছে বলেও দাবি করেন তিনি।

দিনভর নির্বাচনি পরিস্থিতি কভার করার জন্য সাংবাদিকদের ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, ‘গণতন্ত্রকামী মানুষ উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছেন।’ জনগণের এই রায়ই চূড়ান্তভাবে প্রতিফলিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

সারাবাংলা/এফএন/পিটিএম
বিজ্ঞাপন

আইন সবার জন্য সমান: ভূমি মন্ত্রী মিনু
২০ ফেব্রুয়ারি ২০২৬ ১৫:২১

আরো

সম্পর্কিত খবর