Thursday 09 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রুহুল কবির রিজভীসহ ৫ মন্ত্রী-প্রতিমন্ত্রীর নাম সংশোধন

সিনিয়র করেসপন্ডেন্ট
৯ এপ্রিল ২০২৬ ১৭:০৮ | আপডেট: ৯ এপ্রিল ২০২৬ ১৭:৫৩

ঢাকা: প্রধানমন্ত্রীর উপদেষ্টা মো. রুহুল কবির রিজভীসহ সরকারের পাঁচজন মন্ত্রী ও প্রতিমন্ত্রীর নাম সংশোধন করে নতুন প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি সই করা এক জরুরি প্রজ্ঞাপনে এই নাম পরিবর্তনের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। মূলত পূর্বের নিয়োগ সংক্রান্ত প্রজ্ঞাপনে থাকা বানানের ভুল ও নামের অসামঞ্জস্যতা দূর করতেই এই সংশোধনী আনা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের নিয়োগ সংক্রান্ত ২০২৬ সালের ১৭ ফেব্রুয়ারির মূল গেজেটে কিছু নাম ভুলভাবে লিপিবদ্ধ হয়েছিল। মন্ত্রিপরিষদ বিভাগের নতুন গেজেট অনুযায়ী, সেই তালিকার মন্ত্রীদের ক্রম ১০, ১৬ ও ২২ এবং প্রতিমন্ত্রীদের তালিকার ৯ ও ২২ নম্বর ক্রমের নামগুলোতে প্রয়োজনীয় সংশোধন আনা হয়েছে। রাষ্ট্রীয় দাফতরিক কাজে নির্ভুলতা বজায় রাখতেই এই পদক্ষেপ নিয়েছে সরকার।

বিজ্ঞাপন

সংশোধিত নাম অনুযায়ী দেখা যায়, মন্ত্রীদের তালিকায় ‘জনাব মিজানুর রহমান মিনু’ নামের পরিবর্তে এখন থেকে ‘জনাব মো. মিজানুর রহমান মিনু’ ব্যবহৃত হবে। একইভাবে ‘মিজ্‌ আফরোজা খানম (রিতা)’ নামের পরিবর্তে ‘মিজ্‌ আফরোজা খানম’ এবং ‘জনাব আ ন ম এহসানুল হক মিলন’ নামের পরিবর্তে ‘ড. আ ন ম এহছানুল হক মিলন’ প্রতিস্থাপিত হয়েছে। নামের এই সূক্ষ্ম পরিবর্তনগুলো দাফতরিক প্রটোকল রক্ষায় বিশেষ গুরুত্ব বহন করবে।

অন্যদিকে প্রতিমন্ত্রীদের তালিকায় থাকা নামেও সংশোধন আনা হয়েছে। সংশোধনী অনুযায়ী, ‘মীর মোহাম্মদ হেলাল উদ্দিন’ নামের পরিবর্তে ‘মীর মোহাম্মদ হেলাল উদ্দীন’ এবং ‘জনাব আহম্মদ সোহেল মঞ্জুর’ নামের পরিবর্তে ‘জনাব আহম্মদ সোহেল মনজুর’ হিসেবে গণ্য করা হবে। মন্ত্রিপরিষদ সচিবের সই করা এই প্রজ্ঞাপনটি অবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয়েছে এবং ভবিষ্যতে সকল সরকারি চিঠিপত্র ও নথিতে এই সংশোধিত নামগুলোই ব্যবহারের নির্দেশনা দেওয়া হয়েছে।

 

সারাবাংলা/এফএন/এইচআই
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর