Thursday 09 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ক্যাশিয়ার শাহীন গ্রেফতার

স্পেশাল করেসপন্ডেন্ট
৯ এপ্রিল ২০২৬ ০৮:৪৩ | আপডেট: ৯ এপ্রিল ২০২৬ ০৮:৪৪

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ক্যাশিয়ার শাহীন গ্রেফতার।

ঢাকা: ঢাকার নবাবগঞ্জ থানার একটি ব্যাংকের সাবেক শাখা ম্যানেজার এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের আপন ভাগিনা মিজানুর রহমান শাহীনকে গ্রেফতার করেছে পুলিশ। তাকে ক্যাশিয়ার শাহীন নামে সবাই চেনেন বলে জানিয়েছে পুলিশ।

বুধবার (৮ এপ্রিল) ভোরে শাহীনকে হযরত শাহজালাল বিমানবন্দর থেকে গ্রেফতার করে পুলিশ ব্যুরো ইনভেস্টিগেশন (পিবিআই)।

গত বছরের ৭ জুলাই তিনি কাতারে পালিয়ে যান। বুধবার তিনি কাতার এয়ারওয়েজের ফ্লাইটে দেশে ফেরার পর ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে। তার বিরুদ্ধে দোহার থানায় একটি হত্যা মামলা রয়েছে।

দোহার থানায় দায়ের করা রাফি করিম হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা পিবিআইয়ের পরিদর্শক জামাল উদ্দিন বলেন, গত ২০ মে রাতে দোহারের শাইনপুকুর এলাকায় পূর্ব শত্রুতার জের ধরে কে বা কারা স্থানীয় যুবক রাফি করিমকে কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় রাফি করিমের মা আনোয়ারা খানম বাদী হয়ে ৫ জন আসামির নাম উল্লেখ দোহার থানায় মামলা করেন। মামলা দায়েরের পর মিজানুর রহমান শাহীন আত্মগোপনে যান। পরে ৭ জুলাই তিনি কাতারে চলে যান।

বিজ্ঞাপন

তদন্তকারী কর্মকর্তা আরো বলেন, রাফি করিম হত্যা মামলায় এজাহারভুক্ত আসামি শহিদ, টিটু, হুকুম আলী ও আলামিন গ্রেফতার হয়ে কারাবন্দী রয়েছেন। এদের মধ্যে আলামিন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

জবানবন্দিতে বলা হয়েছে, বিগত আওয়ামী লীগের সরকারের সময় সাবেক স্বরাষ্ট্র মন্ত্রীর ভাগিনা শাহীন শাইনপুকুর এলাকার বেশ কয়েকটি দিঘি দখল করেন। দখল করা দিঘিগুলোর মধ্যে রাফি করিমদের কয়েকটি দিঘি রয়েছে। ৫ আগস্টের পর রাফি করিম তাদের দিঘির নিয়ন্ত্রণ নেয়। এর জের ধরে শাহীন তাকে হত্যার পরিকল্পনা করে। শাহীনের নির্দেশে তারা (আলামিনসহ অন্যরা) রাফি করিমকে কুপিয়ে হত্যা করে।

হযরত শাহজালাল বিমানবন্দর থেকে গ্রেফতার মিজানুর রহমান শাহীনকে ৭ দিনের রিমান্ডের আবেদন জানিয়ে ঢাকার আদালতে পাঠায় মামলার তদন্তকারী কর্মকর্তা। আদালত রিমান্ড শুনানি শেষে ১ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এদিকে, মামলার তদন্তকারী কর্মকর্তা পরিদর্শক জামাল উদ্দিন আরো বলেন, মিজানুর রহমান শাহীন কাতার থেকে বাংলাদেশে আসার কারণ ছিল যে, ঢাকায় জার্মান দূতাবাসে বুধবার তার ভিসা দেওয়ার বিষয়ে সাক্ষাৎকার ছিল। ওই সাক্ষাৎকার দেওয়ার জন্য তিনি দেশে আসছিলেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর