Thursday 09 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনে চলছে ভোট গ্রহণ

‎সিনিয়র করেসপন্ডেন্ট
৯ এপ্রিল ২০২৬ ০৮:১১ | আপডেট: ৯ এপ্রিল ২০২৬ ০৯:০০

ঢাকা: দেশের দুটি সংসদীয় আসনে চলছে ভোটগ্রহণ। ত্রয়োদশ জাতীয় সংসদের বগুড়া-৬ আসনে উপ-নির্বাচন ও শেরপুর-৩ আসনের সাধারণ নির্বাচন শুরু হয়েছে সকাল সাগে ৭টায়।

‎বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল সাড়ে ৭টা থেকে এ দুটি সংসদীয় আসনে ভোটগ্রহণ চলছে, যা চলবে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত।

‎বগুড়া-৬ আসন:

এ আসনে ভোটের মাঠে লড়ছেন তিনজন প্রার্থী। তারা হলেন- বিএনপির মো. রেজাউল করিম বাদশা, জামায়াতে ইসলামীর মো. আবিদুর রহমান ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির মো. আল-আমিন তালুকদার।

‎বগুড়া-৬ এ ভোটকেন্দ্র ১৫০টি, ভোটকক্ষ ৮৩৫টি। মোট ভোটার ৪ লাখ ৫০ হাজার ৩০৯ জন।

‎এদিকে এ নির্বাচনি আসনে নিরাপত্তায় সেনাবাহিনী স্ট্রাইকিং ফোর্স হিসেবে থাকবে ২৫০ জন, বিজিবি ৮ প্লাটুন (১৮৯ জন), রিহ্যাব ১০ টিম (৭০ জন), পুলিশ ১ হাজার ৩২৭ জন ও আনসার ভিডিপি ১ হাজার ৯৯০ জন।

‎শেরপুর-৩ আসন:

‎এ আসনেও ভোটের মাঠে লড়াই করছেন তিনজন প্রার্থী। তারা হলেন, বিএনপির মো. মাহমুদুল হক রুবেল, জামায়াতে ইসলামীর মো. মাসুদুর রহমান মাসুদ এবং বাসদের (মার্কসবাদী) মো. মিজানুর রহমান।

‎এ আসনে ভোটকেন্দ্র ১২৮টি, ভোটকক্ষ ৭৫১টি। ভোটার ৪ লাখ ৯ হাজার ৮০৬ জন।

‎নির্বাচনি নিরাপত্তায় সেনাবাহিনী স্ট্রাইকিং ফোর্স হিসেবে থাকবেন ১৪০ জন, বিজিবি ১৬ প্লাটুন (৩২৮ জন), র‌্যাব ১৪ টিম (১৩৫ জন), পুলিশ ১ হাজার ১৫৫ জন ও আনসার ভিডিপি ১ হাজার ৭০৪ জন।

‎ইসির নির্বাচনি পরিচালনা শাখার তথ্য অনুযায়ী, এ দুটি আসনে সাধারণ ও গুরুত্বপূর্ণ ভোটকেন্দ্র বিবেচনায় ১৮ থেকে ২০ জন নিরাপত্তা সদস্য থাকছে। দুই আসন মিলে মোট ৩৬ জন নির্বাহী ও বিচারিক হাকিম নিয়োজিত রয়েছেন। পোস্টাল ভোট রয়েছে এ দুটি আসনে। ইসির নিজস্ব পর্যবেক্ষক মোতায়েন থাকছে ১৮ জন করে। স্থানীয় সংস্থার পর্যবেক্ষক থাকছে চার শতাধিক।

‎এছাড়াও এ দুই আসনে রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তাসহ ভোটগ্রহণের সঙ্গে রয়েছেন ৫ হাজারের মতো কর্মকর্তা।

বিজ্ঞাপন

এদিকে, ত্রয়োদশ সংসদ নির্বাচনে এবার প্রথমবারের মতো প্রবাসী ও দেশের ভেতর থেকে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেওয়ার ব্যবস্থা করে ইসি। বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনে পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য নিবন্ধন করেছিলেন সাত হাজার ৩০৯ জন। এর মধ্যে বগুড়া-৬ আসনে এক হাজার ২৮১ জন প্রবাসী ও দেশের ভেতরে দুই হাজার ৪৫৫ জনের কাছে ব্যালট পাঠানো হয়। আর শেরপুর-৩ আসনে ৩৮৩ জন প্রবাসী এবং দেশের ভেতরে তিন হাজার ১৯০ জনের কাছে পোস্টাল ব্যালট পাঠানো হয়।

কিন্তু শেরপুর-৩ আসনে গতকাল পর্যন্ত মাত্র পাঁচজন প্রবাসী ভোট দিয়েছেন এবং বগুড়া-৬ আসনে ২৩ জন প্রবাসী ভোট দিয়েছেন।

দেশের ভেতরে পোস্টাল ব্যালটে শেরপুর-৩ আসনে ভোট দিয়েছেন এক হাজার ৯৫ জন। আর বগুড়া-৬ আসনে ভোট দিয়েছেন ৮৪৪ জন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯ আসনে ভোট হয়। এতে বিএনপি এককভাবে ২০৮ আসনে জয়ী হয়ে সরকার গঠন করে। তবে ওই সংসদের শেরপুর-৩ আসনের সাধারণ নির্বাচন এখনো বাকি। এ আসনে একজন প্রার্থী মারা গেলে ভোট বাতিল করে ইসি। আর বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান দুটি আসনে জয়ী হলে বগুড়া-৬ আসন ছেড়ে দেন। পরবর্তী সময়ে আসন দুটিতে পুনরায় তফসিল ঘোষণা করে ইসি।

‎ ‎সারাবাংলা/এনএল/ এএ
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর