Wednesday 08 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হাসিনা-কামালকে ফেরত চাইল বাংলাদেশ

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট
৮ এপ্রিল ২০২৬ ২২:০৬ | আপডেট: ৮ এপ্রিল ২০২৬ ২২:০৮

শেখ হাসিনা ও আসাদুজ্জামান কামাল। ফাইল ছবি

ঢাকা: জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের প্রত্যর্পণ চেয়েছে বাংলাদেশ।

বুধবার (৮ এপ্রিল) ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর সঙ্গে বৈঠকে দিল্লি সফররত পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান তাদের বাংলাদেশে প্রত্যর্পণের অনুরোধ পুনর্ব্যক্ত করেন বলে এক বিবৃতিতে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

বিবৃতিতে বলা হয়, পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান আজ নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস. জয়শঙ্কর এবং তেল ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ পুরির সঙ্গে বৈঠক করেন। বৈঠকগুলোতে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

ভারতের রাজধানীতে পৌঁছানোর পর মঙ্গলবার (৭ এপ্রিল) সন্ধ্যায় তারা ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গেও বৈঠক করেন।

বিবৃতিতে আরও বলা হয়েছে, আলোচনায় উভয়পক্ষ বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ককে এগিয়ে নিয়ে যাওয়ার গুরুত্বের ওপর জোর দেয়।

ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে খলিলুর রহমান বলেন, “সদ্য নির্বাচিত বিএনপি সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতির ভিত্তিতে এবং পারস্পরিক আস্থা, সম্মান ও পারস্পরিক সুবিধার ওপর নির্ভর করে পররাষ্ট্রনীতি পরিচালনা করবে।”

এ সময় শহিদ ওসমান হাদির সন্দেহভাজন হত্যাকারীদের গ্রেফতারের জন্য তিনি ভারত সরকারকে ধন্যবাদ জানান। উভয়পক্ষ একমত হয় যে, গ্রেফতার ব্যক্তিদের দুই দেশের মধ্যে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তির বিধান অনুযায়ী বাংলাদেশে ফিরিয়ে দেওয়া হবে।

এ সময় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কর্তৃক মৃত্যুদণ্ডপ্রাপ্ত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে বাংলাদেশে প্রত্যর্পণের অনুরোধ পুনর্ব্যক্ত করেন পররাষ্ট্রমন্ত্রী।

অন্যদিকে দেশটির জ্বালানিমন্ত্রী হারদীপ সিং পুরির নঙ্গে বৈঠকে ভারত থেকে বাংলাদেশে ডিজেল সরবরাহের জন্য ধন্যবাদ জানান এবং ডিজেল ও সার সরবরাহের পরিমাণ বাড়ানোর অনুরোধ করেন। মন্ত্রী পুরি জানান, ভারত সরকার এই অনুরোধ ইতিবাচকভাবে বিবেচনা করবে।

দুই পক্ষ গুরুত্বপূর্ণ দ্বিপক্ষীয় বিষয়গুলো নিয়ে নিয়মিত পরামর্শ চালিয়ে যাওয়ার বিষয়ে একমত হয়েছে বলেও বিবিৃতে জানানো হয়।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর