ঢাকা: ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। এই নির্বাচনে প্রার্থীদের জামানত হিসেবে ২০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।
বুধবার (৮ এপ্রিল) ইসির নির্বাচন পরিচালনা শাখার উপ-সচিব মোহাম্মদ মনির হোসেন এ সংক্রান্ত একটি পরিপত্র জারি করেছেন।
পরিপত্র অনুযায়ী, প্রার্থীদের মনোনয়নপত্রের সঙ্গে ৩০০ টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্প বা কোর্ট ফি-র মাধ্যমে হলফনামা দাখিল করতে হবে। এ ছাড়া জামানত বাবদ ২০ হাজার টাকা নগদ অথবা ব্যাংক ড্রাফট, পে-অর্ডার বা সরকারি ট্রেজারি চালানের মাধ্যমে জমা দিয়ে তার রসিদ সংযুক্ত করতে হবে।
ইসি সিনিয়র সচিব আখতার আহমেদ জানিয়েছেন, এই নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন নির্বাচন ব্যবস্থাপনা শাখার যুগ্ম সচিব মো. মঈন উদ্দীন খান। সহকারী রিটার্নিং কর্মকর্তা হিসেবে থাকবেন উপ-সচিব মোহাম্মদ মনির হোসেন। এ ছাড়া ভোটগ্রহণের জন্য চারজন পোলিং অফিসার নিয়োজিত থাকবেন। এ নির্বাচনের মনোনয়নপত্র আগারগাঁওয়ের নির্বাচন ভবনে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে সংগ্রহ করতে হবে।
ইসির তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২১ এপ্রিল। রিটার্নিং কর্মকর্তা দ্বারা যাচাই-বাছাই ২২ এপ্রিল থেকে ২৩ এপ্রিল। বাছাইয়ের বিরুদ্ধে আপিল ২৬ এপ্রিল। আপিল নিষ্পত্তি ২৭ ও ২৮ এপ্রিল। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৯ এপ্রিল। প্রতীক বরাদ্দ ৩০ এপ্রিল আর ভোটগ্রহণ ১২ মে সকাল ৮টা থেকে বিকেল ৪টা।