Tuesday 07 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বগুড়া ও শেরপুর আসনে মধ্যরাত থেকে মোটরসাইকেল চলাচল বন্ধ

‎সিনিয়র করেসপন্ডেন্ট
৭ এপ্রিল ২০২৬ ১৯:৩৪ | আপডেট: ৭ এপ্রিল ২০২৬ ২০:০৮

ঢাকা: ‎বগুড়া-৬ আসনের উপ-নির্বাচন ও শেরপুর-৩ আসনের সাধারণ নির্বাচনের পরিবেশ নিয়ন্ত্রণে রাখতে সীমিত থাকবে যান চলাচল। এক্ষেত্রে মধ্যরাত ১২টা থেকে তিনদিন বন্ধ থাকবে মোটরসাইকেল চলাচল।

‎মঙ্গলবার (৭ এপ্রিল) ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেন এ তথ্য জানিয়েছেন।

‎সড়ক বিভাগের সচিবকে দেওয়া চিঠিতে বলা হয়েছে, আগামী ৯ এপ্রিল ত্রয়োদশ জাতীয় সংসদের বগুড়া-৬ আসনের শূন্য পদে উপনির্বাচন এবং শেরপুর-৩ আসনের নির্বাচন অনুষ্ঠিত হবে।

‎ভোটগ্রহণের নির্ধারিত দিনের আগের দিন মধ্যরাত অর্থাৎ ৮ এপ্রিল রাত ১২টা থেকে ৯ এপ্রিল রাত ১২টা পর্যন্ত পিকআপ, মাইক্রোবাস, ট্রাক, ট্যাক্সি ক্যাব ও প্রাইভেট কার চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এছাড়া ৭ এপ্রিল রাত ১২টা থেকে ১০ এপ্রিল রাত ১২টা পর্যন্ত মোটরসাইকেল চলাচলের ওপর নিষেধাজ্ঞা থাকবে।

‎এদিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সশস্ত্র বাহিনী, প্রশাসন ও অনুমোদিত পর্যবেক্ষক, জরুরি সেবায় নিয়োজিত যানবাহন এবং ওষুধ, চিকিৎসা সামগ্রী ও সংবাদপত্র পরিবহনকারী যানবাহন, দূরপাল্লার যাত্রীবাহী যানবাহন অথবা দূরপাল্লার যাত্রী হিসেবে স্থানীয় পর্যায়ে যাতায়াতের ক্ষেত্রে ব্যবহৃত যানবাহনের ওপর নিষেধাজ্ঞা শিথিল থাকবে।

‎এছাড়া প্রতিদ্বন্দ্বী প্রার্থীর জন্য ১টি এবং তার নির্বাচনী এজেন্টের জন্য ১টি যানবাহন (জিপ, কার, মাইক্রোবাস ইত্যাদি), যা রিটার্নিং কর্মকর্তার অনুমোদন ও স্টিকার প্রদর্শনের শর্তে চলাচল করতে পারবে।

‎সাংবাদিক, পর্যবেক্ষক বা জরুরি কাজে ব্যবহৃত যানবাহন/মোটরসাইকেলও নির্বাচন কমিশন বা রিটার্নিং কর্মকর্তার অনুমোদন সাপেক্ষে চলাচল করতে পারবে। অনুমতি সাপেক্ষে অন্যান্য যানবাহনও চলাচল করতে পারবে।

বিজ্ঞাপন
সারাবাংলা/এনএল/এসএস