Monday 06 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সংসদে অর্থমন্ত্রী
বাংলাদেশের মাথাপিছু আয় ২৭৬৯ মার্কিন ডলার

স্পেশাল করেসপন্ডেন্ট
৬ এপ্রিল ২০২৬ ১৮:১৫ | আপডেট: ৬ এপ্রিল ২০২৬ ১৯:২৭

অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। ফাইল ছবি

ঢাকা: ২০২৪-২৫ অর্থবছরে দেশের মাথাপিছু আয় ২৭৬৯ মার্কিন ডলার বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

সোমবার (৬ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেনের লিখিত প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। এ দিন সংসদে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সর্বশেষ প্রকাশিত সরকারি তথ্যানুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরে দেশের মাথাপিছু আয় ২ হাজার ৭৬৯ মার্কিন ডলার।’

তিনি জানান, বর্তমান সরকারের অন্যতম লক্ষ্য হলো ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি মাইলফলক অর্জন করা। এ লক্ষ্যে সরকার বিনিয়োগ, কর্মসংস্থান, অর্থনৈতিক গণতন্ত্রায়ন, ক্রিয়েটিভ অর্থনীতি, স্পোর্টস অর্থনীতি ইত্যাদিকে বিবেচনার নিয়ে কর্মপরিকল্পনা তৈরি করছে।

বিজ্ঞাপন

অর্থমন্ত্রী সংসদে আরও জানান, জনগণের মাথাপিছু আয় বাড়ানোর জন্য সরকার শুধু একটি খাতে নয়, বরং কর্মসংস্থান, বিনিয়োগ, উৎপাদন, রফতানি, প্রবাসী আয়, দক্ষতা উন্নয়ন, সামাজিক সুরক্ষা এবং সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা সবগুলো দিক একসঙ্গে গুরুত্ব দিয়ে কাজ করছে।

সারাবাংলা/এমএমএইচ/পিটিএম