ঢাকা: ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচন সম্পন্ন করতে আজ সোমবার কমিশন সভায় বসছে নির্বাচন কমিশন (ইসি)।
সোমবার (৬ এপ্রিল) বেলা ১১টায় আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এ সভা শুরু হবে বলে নির্বাচন কমিশন সচিবালয় সূত্রে জানা গেছে ।
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হবে।
সভায় সংরক্ষিত নারী আসনের তফসিল ছাড়াও আরও পাঁচটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচ্যসূচিতে রাখা হয়েছে। সেগুলো হলো:
নির্বাচনি সামগ্রী: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্যবহৃত মালামাল সংরক্ষণের বিষয়ে রিটার্নিং কর্মকর্তাদের নির্দেশনা প্রদান।
উপ-নির্বাচন: আগামী ৯ এপ্রিল অনুষ্ঠিত হতে যাওয়া সংসদের দুটি আসনের নির্বাচনের সার্বিক পরিস্থিতি পর্যালোচনা।
মামলা সংক্রান্ত: নির্বাচন পূর্ববর্তী ও পরবর্তী সময়ে দায়ের করা বিভিন্ন মামলা ও আইনি দরখাস্ত সম্পর্কে কমিশনকে অবহিতকরণ।
ক্ষতিপূরণ নীতিমালা: নির্বাচনি দায়িত্ব পালনকালে হতাহতদের জন্য নির্ধারিত ক্ষতিপূরণ নীতিমালার বর্তমান অবস্থা পর্যালোচনা।
বিবিধ: কমিশনের অন্যান্য জরুরি বিষয়।
এ বিষয়ে, ইসি সচিব আখতার আহমেদ জানিয়েছেন, সোমবারের সভায় সংরক্ষিত নারী আসনের নির্বাচনের তফসিল নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে।
উল্লেখ্য, নির্বাচনি আইন অনুযায়ী, সাধারণ নির্বাচনের গেজেট প্রকাশের ৯০ দিনের মধ্যে সংরক্ষিত নারী আসনের ভোট গ্রহণ সম্পন্ন করতে হয়। গত ১৩ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের চূড়ান্ত গেজেট প্রকাশিত হয়েছে। সেই হিসেবে আগামী ১৪ মের মধ্যে এই প্রক্রিয়া শেষ করার বাধ্যবাধকতা রয়েছে। তাই মে মাসের আগেই এই নির্বাচন শেষ করার লক্ষ্য নিয়ে এগোচ্ছে কমিশন।